উত্তরা ব্যাংকের জিএমসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার তিন কোটি টাকা আত্মসাতের মামলা তদন্তে ব্যাংকটির মহাব্যবস্থাপকসহ (জিএম) তিন কর্মকর্তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আবদুস সোবহান। 

যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন-ব্যাংকের নির্বাহী জিএম মাসুদুল হক, ব্যাংকটির কর্মকর্তা ও সিবিএ সভাপতি জালাল আহমেদ এবং নারায়ণগঞ্জ শাখার জমাদার শাহাদাত হোসেন।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ১৬ মে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ডিজিএম মো. খায়রুল আলম বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলাটি দুদকে পাঠানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তদন্ত করে প্রতিবেদন জমা দেন। কমিশন সেটি আমলে না নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দেয়। পরে উপপরিচালক আবদুস সোবহানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তরা ব্যাংকের নিতাইগঞ্জ শাখায় প্রয়োজনের অতিরিক্ত টাকা জমা হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ প্রায়ই ওই টাকা নারায়ণগঞ্জ শাখায় পাঠাত। মুন্সিগঞ্জ রিকাবিবাজার শাখার অর্থও নারায়ণগঞ্জ প্রধান শাখায় আসত। ২০১৩ এবং ২০১৪ সালের বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জ শাখায় তিন কোটি টাকা আসে। এ শাখার ক্যাশ ইনচার্জ মো. মোক্তার আলী ওই টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি ওই টাকার কথা ব্যাংক কর্তৃপক্ষের কাছে অস্বীকার করেন এবং ওই টাকা আত্মসাৎ করেন।