উত্তরা মডেল টাউনের একমাত্র কাঁচা রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ নম্বর সেক্টরের ১৭/বি সড়কটি এক যুগ ধরে কঁাচা l প্রথম আলো
১২ নম্বর সেক্টরের ১৭/বি সড়কটি এক যুগ ধরে কঁাচা l প্রথম আলো

ইট-সুরকিমিশ্রিত কাদামাটির পথ। রাস্তায় জমে আছে আবর্জনামিশ্রিত ময়লা পানি। এঁকেবেঁকে পথ চলছে সবাই। উদ্দেশ্য একটাই, রাস্তার ভালো অংশ দেখে পথ চলা। পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়, বড় অট্টালিকা, রেস্তোরাঁ, নির্মাণাধীন ভবন, ব্যাংক না দেখলে হয়তো বোঝাই যাবে না এটি ঢাকা শহরের অন্যতম আধুনিক আবাসিক এলাকার অভ্যন্তরীণ রাস্তা।
সড়কটি হলো উত্তরা মডেল টাউনের ১২ নম্বর সেক্টরের ১৭/বি সড়ক। উত্তরার সেক্টরগুলোর মধ্যে এখন এ সড়কটিই একমাত্র কাঁচা। উত্তরার সেক্টরগুলোতে বিভিন্ন সময় অনেক রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হলেও এ রাস্তাটি আজও কোনো উন্নয়নমূলক কাজের আওতায় আসেনি। কদিন আগে পাশের ১৭/এ, ১৫, ১৬ নম্বর রাস্তাগুলোর সংস্কার করা হলেও এ রাস্তায় তার ছিটেফোঁটাও পড়েনি।
উত্তরা মডেল টাউনের ১৭/বি সড়কে রাজউকের প্লট যাঁরা কিনেছেন, তাঁরাও বেশ হতাশ বিষয়টি নিয়ে। তাঁরা বলছেন, প্লট কেনার সময় রাজউক কর্তৃপক্ষ নানা সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেছিল। আদতে তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। সড়কটির শেষ মাথায় নিরাপদ ক্যাসেলের বাসিন্দারা বলেন, ‘এখন মনে হচ্ছে এখানে ফ্ল্যাট কিনে ভুল করেছি।’
দীর্ঘদিন ধরে হরিরামপুর ইউনিয়ন পরিষদের অধীনে ছিল উত্তরা মডেল টাউনের ১২ নম্বর সেক্টর। তখনো এ রাস্তাটি কংক্রিটের রাস্তা করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানালেন সেক্টরের বাসিন্দা আফজাল আহমেদ। তিনি বলেন, ‘আগে না হয় এ রাস্তার (১৭/বি) প্লটগুলো খালি ছিল, কিন্তু ২০০৫ সালের পর থেকে তো এখানে লোকজন বসবাস শুরু করে। তখন থেকে ধরলেও দীর্ঘ ১০ বছরেও রাস্তাটি কাঁচাই রয়ে গেল।’
রাস্তাটিতে কাদামাটির ফাঁকে ইট-সুরকির দেখা মেলে। কোথাও ইট-সুরকির কারণে এবড়োখেবড়ো হয়ে গেছে রাস্তা। তবে সড়কটির বাসিন্দারা জানালেন, যাতে রাস্তাটি কাদায় একদম নষ্ট না হয় সে কারণেই তাঁরা নিজেদের উদ্যোগে বিভিন্ন সময় কিছু ইটের সুরকি, বালু প্রভৃতি রাস্তায় ফেলেছেন।
উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম নাসিরুল্লাহ বলেন, ‘মডেল টাউনের মতো এলাকায় এ ধরনের রাস্তা কল্পনায় করা যায় না। আমরা রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার বলেছি। কিন্তু রাস্তাটি এখনো এ অবস্থায় রয়ে গেছে।’
সম্প্রতি এ মাসে প্রকাশিত গেজেটের মাধ্যমে উত্তরার ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টর ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিভুক্ত হয়। ১২ নম্বর সেক্টরের ১৭/বি রাস্তাটি এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের অধীন। জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন প্রথম আলোকে বলেন, উত্তরার সব কটি সেক্টরের রাস্তাই সংস্কার করা হচ্ছে। গুরুত্ব অনুসারে সব রাস্তাতেই কাজ করা হবে।