গ্রাহকের সাড়ে ৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন থানায় দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক হাজার বিনিয়োগকারীর কাছ থেকে আমানত নিয়ে ৫১ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৭৭৭ টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটি।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের শেষ দিকে উত্তরা ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও এমডি মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ এলে অনুসন্ধানে নামে দুদক। সে সময় ২ লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে গ্রাহকেরা লাভ পাননি, উল্টো হারিয়েছেন মূলধন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গ্রাহকদের ২৪ শতাংশ মুনাফার লোভ দেখিয়ে অর্থ সংগ্রহ করেন। পরে গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি আত্মগোপনে চলে যান। এসব ঘটনায় ২০১৩ সালের শেষ দিকে দেশের বিভিন্ন থানায় মোশাররফ হোসেনসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। শেষ পর্যন্ত দুদকের অনুসন্ধানেও আত্মসাতের প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।