উত্তরা মিরপুর দয়াগঞ্জে আগুন
প্রায় একই সময়ে রাজধানীর মিরপুর, উত্তরা ও গেন্ডারিয়া এলাকায় গতকাল সোমবার পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উত্তরা ৩০ নম্বর সেক্টরে জসীমউদ্দীন রোড এলাকায় আরএকে পেইন্টস নামের একটি রঙের কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁরা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ওই কারখানার প্রায় অর্ধেকাংশ পুড়ে গেছে।
উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। বিষয়গুলো তদন্তসাপেক্ষ।
এদিকে প্রায় একই সময়ে মিরপুরের মিল্ক ভিটা মাঠসংলগ্ন এলাকায় ঝুট পল্লিতে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কেউ কেউ মূল্যবান আসবাবও সরানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। তবে আগুনে প্রায় ৪০টি ছোট ছোট টিনশেডের ঘর পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় প্রায় সাত লাখ টাকা মূল্যের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আতিকুল আলম প্রথম আলোকে বলেন, নিম্ন আয়ের মানুষেরা ওই ছোট ঘরগুলোতে থাকতেন। চুলার আগুন থেকে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জে গুন্ডিঘর বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে ওই বস্তির প্রায় ২০টি কাঁচা ঘর পুড়ে যায়। চুলার আগুন থেকে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোস্তফা মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।