উত্তরা মেডিকেল: ৫৭ শিক্ষার্থীর বিষয়ে আদেশ

উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৫৭ শিক্ষার্থীকে এক মাসের জন্য ভর্তি–পরবর্তী শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
গত বছরের ১৭ ডিসেম্বর ‘উত্তরা মেডিকেলে ভর্তিতে মেধাতালিকাকে উপেক্ষা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে কলেজে ভর্তিতে অনিয়ম ও সরকারি নীতিমালা অনুসরণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে ওই কলেজে ভর্তিবঞ্চিত এক প্রার্থীর অভিভাবক ২ জানুয়ারি রিটটি করেন, যার ওপর গতকাল শুনানি হয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও রেজিনা মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।
রুলে সরকারি নীতিমালা অনুসরণ না করে ৫৭ জনের ভর্তিপ্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে আইনজীবী রেজিনা মাহমুদ প্রথম আলোকে বলেন, মেডিকেলে ভর্তিসংক্রান্ত ২০১৭ সালের ২০ আগস্টের সরকারি নীতিমালা অনুসরণ না করে আগে এলে আগে পাবেন–এর ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর ওই ৫৭ জন শিক্ষার্থীকে চলতি শিক্ষাবর্ষে (২০১৭-১৮) প্রথম বর্ষে ভর্তি করা হয়। অথচ সরকারি নীতিমালায় আছে মেধাতালিকার ক্রম অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে তা করা হয়নি। ফলে রিট আবেদনকারীর সন্তান ভর্তি বঞ্চিত হন। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।
তবে ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ২০১৪ সাল থেকে বিগত বছরগুলোতে কলেজটিতে ভর্তিতে কোটা পূরণ হতো না। সে জন্য গত ১৪ ডিসেম্বর আগে এলে আগে পাবেন বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তালিকায় থাকা ওই ৫৭ জন শিক্ষার্থী সাধারণ কোটায় ভর্তি হন ও কোটা পূরণ করা হয়।