উত্তরা মেডিকেলে আবারও ভর্তি-বঞ্চনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা আধুনিক মেডিকেল কলেজে এক হকারের ছেলের ভর্তি-বঞ্চনার অভিযোগ এনে মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
উত্তরা আধুনিক মেডিকেল কলেজে এক হকারের ছেলের ভর্তি-বঞ্চনার অভিযোগ এনে মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো

উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আবারও ভর্তি-বঞ্চনার অভিযোগ উঠেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে এই মেডিকেল কলেজে ভর্তিতে মেধাতালিকাকে উপেক্ষা করার অভিযোগ ওঠে। ভর্তিবঞ্চিত এক ছাত্রের অভিভাবকের রিটের পরিপ্রেক্ষিতে ৫৭ শিক্ষার্থীর শিক্ষা ও ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। গত মাসে ভর্তিবঞ্চিত ছাত্রকে আদালত ভর্তি করার নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে ওই অবস্থার সমাধান হয়।

এবার মো. শামসুদ্দীন সুমন নামের আরেক ছাত্র ভর্তি-বঞ্চনার অভিযোগ এনেছেন উত্তরা মেডিকেল কলেজের বিরুদ্ধে। তাঁর দাবি, মেধাতালিকায় তাঁর চেয়ে পেছনে থাকা শিক্ষার্থীকেও ভর্তি করা হয়েছে। পত্রিকার হকার বাবার সন্তান হওয়ায় কর্তৃপক্ষ তাঁকে বঞ্চিত করেছে।
তাঁকে ভর্তির দাবি জানিয়ে আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টার দিকে এক মানববন্ধনের আয়োজন করা হয়। জাতীয় সম্মিলিত হকার্স জোট এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের রাজেকুজ্জামান রতন বলেন, ‘বাংলাদেশে মেডিকেল শিক্ষা খাত দুর্নীতিবাজদের দখলে। সুমনের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এটা মানবাধিকারের প্রশ্ন।’
মো. শামসুদ্দীন সুমনের বাবা মো. আবদুস সালাম একজন হকার। আবদুস সালাম উত্তরায় পত্রিকা বিক্রি করেন। তাঁর মেজো সন্তান সুমন। তাঁরা উত্তরায় থাকেন। শামসুদ্দীন সুমন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ভর্তি পরীক্ষায় ২৬৩ দশমিক ২৫ নম্বর পেয়ে জাতীয় মেধাতালিকায় ৬ হাজার ৯৬১তম স্থান পান। এরপর তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে গরিব ও মেধাবী কোটায় আবেদন করেন।

মানববন্ধনের ফাঁকে কথা হয় শামসুদ্দীন সুমনের সঙ্গে। তিনি জানান, আবেদনের পর কলেজের প্রশাসনিক বিভাগ থেকে তাঁকে জানানো হয়, মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে তাঁকে জানানো হবে। কিন্তু তাঁকে কিছু জানানো হয়নি।
গত ৩ জানুয়ারিতে ফল প্রকাশ করা হয়। সেখানে দরিদ্র ও মেধাবীদের কোটার তালিকায় সুমনের রোল নম্বর পাওয়া যায়নি। অথচ তাঁর চেয়ে ৬ নম্বর কম পাওয়া শিক্ষার্থীদের রোল নম্বর সেই তালিকায় প্রকাশিত হয়েছে। এমনকি দরিদ্র ও মেধাবীদের কোটার অপেক্ষমাণ তালিকাতেও সুমনের নাম নেই।
কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানায়, যা হয়ে গিয়েছে, তা আর পরিবর্তন করা সম্ভব নয়। তাঁরা এ বিষয়ে কথা বলতে বাধ্য নন।

শামসুদ্দীন সুমন প্রথম আলোকে বলেন, ‘আমার অপরাধ কী? আমি বারবার কলেজে গেলে প্রশাসনিক কর্মকর্তারা বলে, তুমি চলে যাও। তোমার ভর্তি হবে না।’
অবিলম্বে সুমনকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, কেন এই নিয়মের ব্যত্যয় হলো? সুমন গরিব ও হকারের সন্তান বলে? এই অন্যায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিও দিতে হবে। তা না হলে সারা দেশে হকারদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

এ প্রসঙ্গে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, এই কলেজে দরিদ্র ও মেধাবী কোটায় ভর্তির জন্য গভর্নিং বডির চেয়ারম্যান ও সব সদস্য নিয়ে সভা করে পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচনের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, সে পড়াশোনা করতে পারবে কি না, পরীক্ষার স্কোরসহ কয়েকটি বিষয় বিবেচনায় আনা হয়।
তিনি বলেন, ‘ওই শিক্ষার্থী কীভাবে বাদ পড়েছে তা আমি জানি না। খাতাপত্র দেখলে বলতে পারব। হয়তো কোনো একটি বিষয়ে বিবেচনায় সে বাদ পড়েছে। এখন তো ভর্তি বেশি হয়ে গেছে। এখন তার জন্য ভর্তি নেওয়া অসম্ভব।’
৫৭ শিক্ষার্থীর বিষয়ে আদালতের যে আদেশ, সেটি সমাধান করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে মেধাতালিকাকে উপেক্ষা করে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তিপ্রক্রিয়ার অভিযোগ ওঠে। এই কলেজে মোট আসন ৯০টি। এর মধ্যে বিভিন্ন কোটায় ১৮টি। আর সাধারণ কোটায় ৭২টি আসন।
গত ১৭ ডিসেম্বর ‘উত্তরা মেডিকেলে ভর্তিতে মেধাতালিকাকে উপেক্ষা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে কলেজে ভর্তিতে অনিয়ম ও সরকারি নীতিমালা অনুসরণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে ওই কলেজে ভর্তিবঞ্চিত শিক্ষার্থী তারিকুল ইসলামের বাবা নজরুল ইসলাম ২ জানুয়ারি একটি রিট করেন। গত ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বঞ্চিত ওই শিক্ষার্থীকে এক সপ্তাহের মধ্যে কলেজটিতে ভর্তিতে কার্যকর পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।