উত্তরা লেকে রাস্তা তৈরির উদ্যোগের জন্য রাজউককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরা লেকের ওপর দিয়ে সড়ক নির্মাণের উদ্দেশে লাল পতাকা টাঙানোয় তাদের নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। লেকটি সংকুচিত হওয়ার আশঙ্কায় সরেজমিন পর্যবেক্ষণের পর অধিদপ্তর গতকাল রোববার এই নোটিশ দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের একটি এনফোর্সমেন্ট দল ৬ ডিসেম্বর সন্ধ্যায় উত্তরা লেক এলাকায় যায়। দলটি ৫ নম্বর সেক্টরের ২-বি সড়কের শেষ প্রান্ত এবং ৩ নম্বর সেক্টরের ২২ নম্বর সড়কের শেষ প্রান্তের মধ্যবর্তী একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য লেকের ওপর লাল পতাকা টাঙানো দেখে। এ অনুসন্ধানের প্রেক্ষাপটে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল রাজউক চেয়ারম্যানকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ওই কাজ বন্ধের নোটিশ দেন। তিনি আগামীকাল সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ একজন প্রতিনিধি পাঠানোরও অনুরোধ জানান। মুনীর চৌধুরী বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া লেক ভরাট কিংবা কোনো প্রকল্পের ভূমি উন্নয়নে কাজ করা উচিত নয়।’