উত্তরা লেকের পাড়ে স্থাপনা নির্মাণ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে লেকের পাড়ে কল্যাণ সমিতির কার্যালয় নির্মাণ বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।গতকাল বেলা ১১টার দিকে রাজউকের একটি পরিদর্শন দল ওই নির্মাণক্ষেত্রে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়। জানতে চাইলে ওই পরিদর্শন দলের এক কর্মকর্তা বলেন, জায়গা বরাদ্দের শর্ত ভঙ্গ করায় নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।রাজউক ওই জায়গায় কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয় নির্মাণের অনুমতি দিয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দা ও সদস্যদের আপত্তি উপেক্ষা করে কল্যাণ সমিতির সভাপতি বরাদ্দকৃত জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করেন। এলাকাবাসী পরে রাজউক, পরিবেশ অধিদপ্তর ও কল্যাণ সমিতির কাছে ওই স্থাপনা নির্মাণের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।