উত্তরা-সায়েদাবাদ মেট্রো রেল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের সমীক্ষার কাজ গত মে মাসে শুরু হয়েছে। এ ছাড়া রাজধানীতে পাঁচটি ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।জাতীয় সংসদে গতকাল বুধবার শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এর আগে বেলা সোয়া ১১টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধী দল গতকালও সংসদে যোগ দেয়নি।প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে মিরপুর-জিয়া কলোনি ফ্লাইওভার, মগবাজার-মৌচাক ফ্লাইওভার, জুরাইন ওভারপাস, কুড়িল ইন্টারচেঞ্জ এবং যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ অন্যতম। তিনি বলেন, যানজট নিরসনে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের তত্ত্বাবধানে বেশ কিছু নতুন বাস রুট চালু করা হয়েছে। শহরের মধ্য থেকে দূরপাল্লার বাস কাউন্টার সরিয়ে আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার রাজধানীতে নতুন রাস্তা তৈরির চিন্তা করছে। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশন, যোগাযোগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে।আবুল খায়ের ভূঁইয়ার প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। চালকের জন্য কঠোর শাস্তির বিধান করে আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে গণসচেতনতা বৃদ্ধি এবং চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম ও শহরের তফাত কমানোর উদ্যোগ: আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গ্রাম ও শহরের তফাত কমানোসহ গ্রামীণ অর্থনীতি মজবুত করতে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও রূপকল্প অনুসারে ইতিমধ্যে গ্রামীণ অর্থনীতি মজবুত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি মজবুত করার লক্ষ্যে সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র ‘দিনবদলের পদক্ষেপ’ নেওয়া হয়েছে। এ কৌশলের প্রধান লক্ষ্য হলো উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের সমান্তরালে আঞ্চলিক বৈষ্যমের অবসান এবং দারিদ্র্য নিরসন। এসব পরিকল্পনার অংশ হিসেবে চলতি অর্থবছরে সংশোধিত এডিপিতে বিভিন্ন সেক্টরে ৫৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। এর বাইরে অগ্নিনির্বাপণের দায়িত্বপ্রাপ্ত এই বিভাগকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করার জন্য ২৫৮ কোটি ৯৮ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে দুটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সব সদস্যের জন্য বর্তমান সরকার ঝুঁকিভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে এই বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মনোবল বেড়েছে।