পচে যাওয়া ৫৩ হাজার বস্তা আলুর ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত দিনাজপুরের উত্তরা হিমাগার চালু করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর দশমাইল মহাসড়ক মোড়ে এক কৃষক সমাবেশে সমিতির নেতারা এ ঘোষণা দেন। কৃষকদের দাবি, এসব আলু নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৫ হাজার কৃষক।সমাবেশ কৃষকেরা বলেন, ২০১০ সালে দিনাজপুরের উত্তরা হিমাগারে ১৫ হাজার কৃষক তাঁদের আলু রেখেছিলেন। বিদ্যুৎ-সংকট ও জেনারেটর অচল থাকায় তাঁদের ৫৩ হাজার বস্তা আলুর বীজ পচে যায়। কৃষকদের অভিযোগ, হিমাগারটির মালিক কৃষকদের আলু রক্ষায় কোনো উদ্যোগ নেননি; এমনকি ক্ষতিপূরণ দিতে কৃষকদের সঙ্গে লিখিত চুক্তি করার পরও তা দেননি। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন। হিমাগারটির মালিক দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন। কৃষকদের ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত আলুচাষিদের সঙ্গে হিমাগারটির মালিক একটি চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী, গত বছরের ১৫ জুলাইয়ের মধ্যে প্রতি বস্তা আলুর জন্য ৭২০ টাকা হারে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু এ সময়ের মধ্যে ক্ষতিপূরণ না পেয়ে ৪ আগস্ট কৃষকেরা জেলা প্রশাসক ও কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এরপর ক্ষতিপূরণ দূরের কথা, হিমাগারের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।কৃষকেরা বলেন, ২০১০ সালে আলু পচে যাওয়ার পর থেকে হিমাগারটি বন্ধ রয়েছে। হিমাগারের সামনের মাঠে পচে যাওয়া আলুর বিশাল স্তূপ ছিল। এ কারণে সেখানকার সব গাছপালাও মরে গেছে। তাঁরা ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কৃষকদের কাছে স্বল্পমূল্যে ডিজেল সরবরাহেরও দাবি জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষক নেতা আলতাফ হোসাইন। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা কৃষক সমিতির সভাপতি কলেজশিক্ষক বদিউজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজিজুল ইসলাম, তোজামেঞ্চল হোসেন, বীরেন্দ্রনাথ রায়, কামরুজ্জামান, আবদুল হাকিম, আফজাল হোসেন, দয়ারাম রায় ও রাফায়েল মুর্ম। সমাবেশে দিনাজপুর, কাহারোল, বিরল, বীরগঞ্জ, খানসামাসহ বিভিন্ন উপজেলার পাঁচ শতাধিক কৃষক যোগ দেন।