উত্তরা ১ নম্বর সেক্টরের সব সড়ক জলাবদ্ধ
গতকাল দুপুরের এক পশলা বৃষ্টিতেই রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের সব কটি সড়ক জলাবদ্ধ হয়ে যায়। রাস্তার দুপাশের ফুটপাতও ডুবে যায় সেই পানিতে।
গত সোমবার বৃষ্টির পর সরেজমিনে দেখা গেছে, সেক্টরটির ১ নম্বর সড়কের সামনের অ্যারোমা রেস্টুরেন্ট থেকে ১৫ নম্বর সড়ক সংযুক্ত জসীমউদ্দীন সরণি পর্যন্ত সব সড়ক প্রায় হাঁটুপানিতে ডুবে আছে। জলাবদ্ধতার কারণে তখন যানবাহনের গতি কমে যায়। কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও বেসরকারি প্রতিষ্ঠানের মালপত্র পরিবহনকারী ভ্যানের ইঞ্জিনে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে সেক্টরের অধিকাংশ সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়।
রিকশার জন্য ১ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের সামনে অপেক্ষা করছিলেন জোবাইর আলম। তিনি প্রথম আলোকে বলেন, অল্প বৃষ্টিতেই এই সেক্টরের রাস্তাগুলোতে পানি জমে যায়। পানি নামতেও অনেক সময় লাগে।
অনেক সড়কের দুপাশের ফুটপাতে পর্যন্ত পানি উঠে যায়। এতে করে ফুটপাত ও নিচু সড়কের পার্থক্যও বুঝতে পারছিলেন না অনেক পথচারী। সাবধানে হাঁটছিল সবাই। বিভিন্ন স্থানে ম্যানহোলের ঢাকনা দিয়ে বুদ্বুদ করে পানি বেরিয়ে আসছিল।
স্কুল থেকে ছেলে আয়ানকে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন সেক্টরের ১৩ নম্বর সড়কের বাসিন্দা সেলিনা রহমান। তিনি বলেন, ‘রিকশা পাইনি, তাই হেঁটেই আসতে হচ্ছে। বৃষ্টি হলেই পানি জমে। অল্প বৃষ্টি হলেও। নালার মুখগুলো হয়তো আটকে গেছে। তাই পানি সরে না।’
সেক্টরের পানিনিষ্কাশনের ব্যবস্থা সম্পর্কে জানতে উত্তরা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবছার উদ্দিন খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।