ট্রাকচালককে পুড়িয়ে মারার প্রতিবাদে বগুড়ায় শ্রমিকেরা গতকাল মঙ্গলবার মহাসড়ক অবরোধ ও সমাবেশ করেছেন। হামলাকারীদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে উত্তরাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। হরতালে গত বুধবার রাতে জামায়াত-শিবিরের পেট্রলবোমায় ওই চালক ও সহকারী দগ্ধ হন।
রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার বনানী বাজার ও দ্বিতীয় বাইপাসসংলগ্ন বেতগাড়িতে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ চলে। এই সময়ে মহাসড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধকারীরা স্কুল-কলেজের বাস এবং রোগীবহনকারী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ায় শিক্ষার্থী ও মুমূর্ষু রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
বগুড়ার মোটর শ্রমিক, ট্রাক শ্রমিক, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক, সংযুক্ত শ্রমিক ফেডারেশন ছাড়াও ট্রাকচালক শামসুল হকের প্রতিবেশী ও পাশের গন্ডগ্রামের লোকজন অবরোধে অংশ নেন।
বনানী বাজারের লোকজন জানান, ট্রাকচালক শামসুল হকের হত্যাকারীদের ফাঁসি এবং তাঁর পরিবারকে পুনর্বাসনের দাবিতে লোকজন মহাসড়ক অবরোধ করেন।
সমাবেশে সংযুক্ত শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল লতিফ বলেন, ‘বেশ কিছুদিন থেকে রাজনৈতিক কর্মসূচির নামে নির্বিচারে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে কোটি টাকার সম্পদ পুড়িয়ে দেওয়া হচ্ছে। বোমা মেরে, ককটেল ও ঢিল ছুড়ে, হামলা করে চালক ও হেলপারকে হত্যা করা হচ্ছে। শ্রমিকদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সাত দিনের মধ্যে শামসুল হকের খুনিদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে বগুড়া থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে। উত্তরাঞ্চলকে অচল করে দেওয়া হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বক্তব্য দেন। অবরোধে আটকা পড়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী ১০-১২টি বাস। এ সময় বাসে আটকা পড়া বিদ্যালয়গামী শিশুদের দীর্ঘ সময় ধরে চরম কষ্ট পোহাতে হয়। অবরোধে আটকা পড়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সও।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, অবরোধকারীরা সমাবেশ থেকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়ার বিষয়টি পুলিশের ওপর মহলকে জানানো হয়েছে।
গত সপ্তাহে জামায়াত-শিবিরের ডাকা হরতাল চলাকালে বগুড়ার শেরপুরের দশমাইল এলাকায় ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারলে চালক শামসুল হক ও সহকারী শাহিন মিয়াকে দগ্ধ হন। রোববার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান চালক। তাঁর বাড়ি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে।