উত্তরাঞ্চল অচলের হুমকি পরিবহন শ্রমিকদের
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহার এবং রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ রোববার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বগুড়ার বাস ও ট্রাকশ্রমিকেরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে উত্তরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
দীর্ঘ সোয়া দুই ঘণ্টার অবরোধে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কের দুই পাশে আটকা পড়ে কয়েক শ যানবাহন। দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে।
ইউএনওর বিরুদ্ধে বাসচালকের লাইসেন্স কার্ড নষ্ট করার অভিযোগ রয়েছে। আর ৫০০ টাকা ঘুষ না পেয়ে ট্রাকশ্রমিককে নির্যাতন করার অভিযোগ এসআই জাহিদ হোসেনের বিরুদ্ধে।
বেলা দুইটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শহরের চারমাথা, মাটিডালি, বনানী মোড়সহ কয়েকটি এলাকায় একযোগে এই অবরোধ করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে গিয়ে এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও অন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ নভেম্বর বগুড়ার মোকামতলায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও রবিউল ইসলাম কাগজপত্র যাচাইকালে একজন বাসচালকের লাইসেন্স কার্ড ভেঙে ফেলেন।
অন্যদিকে ১০ নভেম্বর রাতে রাজধানীর গোলাপশাহ মাজার এলাকায় ৫০০ টাকার ঘুষ না পেয়ে ট্রাকচালক রাসেল মিয়ার ওপর নির্যাতন চালান পল্টন থানার এসআই জাহিদ।
ওই দুই ঘটনার জের ধরে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও আন্তজেলা ট্রাক শ্রমিকেরা ২০ নভেম্বর জেলায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। ওই সময় শিবগঞ্জের ইউএনও এবং পল্টন থানার এসআইকে ‘শ্রমিক নির্যাতনকারী সরকারি কর্মকর্তা’ অভিহিত করে তাঁদের স্ব-স্ব জায়গা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় আজ আবারও মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধের কারণে শহরের বনানী থেকে শেরপুর পর্যন্ত এবং মাটিডালি থেকে মহাস্থান পর্যন্ত রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়।
রংপুর থেকে ঢাকাগামী আগমনী পরিবহনের যাত্রী রাশেদ রায়হান অভিযোগ করেন, বগুড়ার শ্রমিকেরা পান থেকে চুন খসলেই মহাসড়ক অবরোধ করেন। যাত্রী তো বটেই প্রশাসনও অনেকটা তাঁদের কাছে অসহায়।
জয়পুরহাট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী বুলবুল আহমেদও ক্ষোভ প্রকাশ করে জানান, শ্রমিকদের দাবি থাকলে তাঁরা ঘোষণা দিয়ে পরিবহন ধর্মঘট ডাকতে পারেন কিন্ত কথায় কথায় মহাসড়ক অবরোধ করে শত শত যাত্রীকে দুর্ভোগে ঠেলে দেওয়ার কোনো অর্থ হয় না।
বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান অভিযোগ করেন, ১০ নভেম্বর বগুড়া থেকে পণ্যবাহী ট্রাক চালিয়ে রাজধানীর সায়েদাবাদ যাচ্ছিলেন চালক রাসেল মিয়া। রাত তিনটার দিকে গোলাপশাহ মাজারের কাছে পল্টন থানার এসআই জাহিদ কাগজপত্র তল্লাশির নামে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। টাকা না পেয়ে তিনি চালক রাসেলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। মারধরে ওই শ্রমিকের চোখ নষ্ট হওয়ার জোগাড়।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল জানান, জেলা প্রশাসকসহ পুলিশের কর্মকর্তা এসে দুই কর্মকর্তার বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিকেল সোয়া চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে।
তবে শিবগঞ্জের ইউএনও রবিউল ইসলাম কোনো চালকের লাইসেন্স কার্ড নষ্ট করার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে জানান, ভ্রাম্যমাণ আদালত কোনো কাগজপত্র যাচাই করেন না, করেন আদালতে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা। কোনো চালকের লাইসেন্স কার্ড নষ্ট করার অভিযোগ ভিত্তিহীন।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, শ্রমিকেরা এক সপ্তাহ আগেই তাঁদের দাবির কথা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্ত এসব দাবি-দাওয়া নিয়ে বৈঠক বা আলোচনার উদ্যোগ না নেওয়ায় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস প্রথম আলোকে জানান শ্রমিকদের সঙ্গে সন্তোষজনক আলোচনার পর তাঁরা অবরোধ তুলে নিয়েছেন। আলোচনার পর বিষয়টির সন্তোষজনক সমাধান করা হবে।