উত্তরাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি ইকবাল হাসানের

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার করা না হলে ঢাকা থেকে উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ।
আজ রোববার সিরাজগঞ্জের হোসেনপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইকবাল হাসান এসব কথা বলেন। এ সময় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে তাঁকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারের নিষ্ঠুর স্বৈরাচারী চরিত্রই ফুটে উঠেছে। বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে সরকার নিজেই আলোচনা বা সংলাপের পথ রুদ্ধ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, সরকার ১৮-দলীয় জোটকে নির্বাচনের বাইরে রেখে একতরফা প্রহসনের নির্বাচন করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের ৯৫ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন কিছুতেই করতে পারবে না। জনগণ সব দলের অংশগ্রহণে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়। এ ব্যাপারে দেশের জনগণ কোনো আপস করবে না। দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে এ দেশে অতীতে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারেনি, তেমনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকতে পারবে না। তাই জনগণ সরকার পতনের আন্দোলন শুরু করেছে। সরকারকে পদত্যাগে বাধ্য করেই তারা ঘরে ফিরবে।