উত্তরাঞ্চল সফরে পল্লী বিদ্যুতের চেয়ারম্যান
মাঠপর্যায়ে বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরাঞ্চল সফর করছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার মঈন উদ্দিন। গতকাল শুক্রবার সকালে বগুড়ার শেরপুর উপজেলায় বোরো চাষিদের সঙ্গে জমিতে সেচ নিয়ে কথা বলেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার শেরপুরের গাড়াইল এলাকায় পৌঁছালে আরইবি চেয়ারম্যানকে স্বাগত জানান বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। এ সময় তিনি বোরোর জমিতে রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত সেচ দেওয়ার আহ্বান জানান। গাড়াইল এলাকার চাষি আলতাফ হোসেন চেয়ারম্যানকে জানান, রাত ১১টা থেকে রাত তিনটা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ১০-১২ দিন আগে ভালো বিদ্যুৎ পাওয়া যেত, কিন্ত এক সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যুৎ ঠিকমতো পাওয়া যায় না, তাই দিনের বেলায় সেচ দেওয়ার চেষ্টা করছেন। একই এলাকার চাষি আবদুস সামাদ বলেন, যেভাবে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাতে এবার ধানের ফলন হবে না। এলাকার চাষিরা এ সময় চেয়ারম্যানের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানান।