উত্তরাঞ্চলকে রাজধানী থেকে বিচ্ছিন্নের পরিকল্পনা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার মাধ্যমে বগুড়া শহর দখলে নিতে চেয়েছিল হামলাকারীরা। পাশাপাশি তারা উত্তরাঞ্চলকে রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল। আর এ জন্য মসজিদের মাইকের মাধ্যমে চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে গত ৩ মার্চ জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে সহিংসতায় উসকে দেওয়া হয়।সম্প্রতি বগুড়ায় সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজামেঞ্চল হক জানিয়েছেন। মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের মূল পরিকল্পনা ছিল পুলিশ বাহিনীকে অকার্যকর করে দিয়ে বগুড়া শহর দখলে নেওয়া। এ ছাড়া উত্তরাঞ্চলকে রাজধানী থেকে বিচ্ছিন্ন করতে তারা মোকামতলা ফাঁড়ি দখল করে রংপুর-ঢাকা মহাসড়কের একটি সেতু উড়িয়ে দিতে চেয়েছিল। একই পরিকল্পনা থেকে তারা মহাসড়কসংলগ্ন শাজাহানপুর ও নন্দীগ্রাম থানায় হামলা চালিয়ে দখলে নেওয়ার চেষ্টা করে।এসপির কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া শহর দখলে নেওয়ার জন্য গত ৩ মার্চ জেলার চারটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি, রেলস্টেশন, দুটি উপজেলা কমপ্লেক্স, সরকারি-বেসরকারি ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থানীয় সাংসদ ও ক্ষমতাসীন দলের নেতাদের বাড়িঘর, মুক্তিযোদ্ধা কার্যালয় ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটানো হয়। এসব ঘটনায় বিভিন্ন থানায় জামায়াত-শিবিরের প্রায় তিন হাজার নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৫৪টি মামলা করা হয়। এসব মামলায় অজ্ঞাতনামা লক্ষাধিক ব্যক্তিকে আসামি করা হয়। গত দুই মাসে এসব মামলায় ২৬৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, থানায় হামলা চালিয়ে ওই দিন শহর দখল করাই ছিল হামলাকারীদের প্রধান উদ্দেশ্য। শহর দখলে নিতে পারলে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বলে প্রচার পেত।