সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নে আজ বৃহস্পতিবার ভোর থেকে উত্তরাঞ্চলে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল বুধবার বগুড়ায় অনুষ্ঠিত ঐক্য পরিষদের এক সভা শেষে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান এই ঘোষণা দেন। পরে শহরে মাইকিং করে এই ধর্মঘটের কথা জানানো হয়। এর আগে বগুড়ায় অনুষ্ঠিত উত্তরবঙ্গের ১৬টি জেলার মালিক-শ্রমিকদের যৌথ সভায় দাবি আদায়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
সাত দফা দাবির মধ্যে রয়েছে, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ; ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক অপসারণের সরকারি আদেশ প্রত্যাহার; পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস ও রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ; ওজন স্টেশন স্কেলে বেপরোয়া চাঁদাবাজি ও হয়রানি বন্ধ; চালকদের লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ; সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান এবং দুর্ঘটনা বন্ধে মহাসড়কে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ।
বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, গাইবান্ধার সভাপতি রোস্তম আলী, সিরাজগঞ্জের সংগ্রাম কমিটির নেতা রেজুয়ন খান ও আকমল হোসেন, গাইবান্ধার মোক্তাদুর রহমান, বগুড়ার খোরশেদ আলম, রাজশাহীর মাইনুল হক, দিনাজপুরের সাদাকাতুল বারী, নাটোরের মোস্তারুল ইসলাম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে আবদুল মান্নান অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকার পরও তল্লাশির নামে পণ্যবাহী যানবাহন আটকে নানা অজুহাতে শ্রমিকদের কাছ থেকে পুলিশ চাঁদা তুলছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দারোগার হাটের ওভারলোড কন্ট্রোল স্টেশন স্কেলে ওজন যাচাইয়ের নামে ইচ্ছেমতো জরিমানা আদায় ও শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এখানে অতিরিক্ত পণ্য পরিবহন করলে উত্তরবঙ্গের পণ্যবাহী যানবাহন থেকে সর্বনিম্ন ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে। অন্যদিকে, একই অপরাধে অন্য বিভাগের পণ্যবাহী যানবাহন থেকে মাত্র এক হাজার টাকা জরিমানা আদায় করা হচ্ছে।
আবদুল মান্নান অভিযোগ করেন, সরকারি নির্দেশনা মেনে প্রতিটি ট্রাকে পাঁচ টন পণ্য পরিবহন করলে পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে যাবে। এতে দ্রব্যমূল্যের দামও নিয়ন্ত্রণের বাইরে যাবে। অথচ দেশের সড়ক ও সেতুর ২০ টন পর্যন্ত পণ্য পরিবহনের সক্ষমতা রয়েছে। দ্রব্যমূল্য সহনশীল রাখতেই মালিক-শ্রমিক যৌথ পরিষদ ট্রাকসহ ২০ টন পর্যন্ত ওজন শিথিল করার দাবি তুলেছে।
আবদুল মান্নান বলেন, ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক অপসারণের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। অথচ এরই মধ্যে অন্তত ৩০০ মামলা দেওয়া হয়েছে। ট্রাক থেকে সাইড অ্যাঙ্গেল খুলে ফেললে ট্রাকে পণ্য পরিবহন সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান দাবি করেন, বগুড়া জেলা পুলিশ সড়ক-মহাসড়কে চাঁদাবাজির সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। হাইওয়ে পুলিশের বগুড়ার এসপি ইসরাইল হাওলাদার বলেন, হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজির অভিযোগ সত্য নয়। এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগও দেয়নি। পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যত দূর জানি সড়ক-মহাসড়কে যানবাহনে চাঁদাবাজির সঙ্গে শ্রমিকেরাই বেশি জড়িত। নানা সংগঠনের নামে তাঁরা চাঁদা তোলেন। তবে পুলিশের কেউ জড়িত নয়, সেটা একেবারে অস্বীকার করব না। পুলিশেও দুষ্ট প্রকৃতি ও দুর্নীতিবাজ সদস্য রয়েছে। তা ছাড়া পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির কোনো ঘটনা মালিক-শ্রমিকেরা আমাকে জানাননি।’