উত্তরাঞ্চলে আবার পানি বৃদ্ধি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আরেক দফা টানা বর্ষণে নদীর পানি বেড়ে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইচলি গ্রাম থেকে গতকাল সকালে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম
রংপুরে আরেক দফা টানা বর্ষণে নদীর পানি বেড়ে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইচলি গ্রাম থেকে গতকাল সকালে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম

কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে বিভিন্ন নদ-নদীর পানি আবার বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুরের গঙ্গচড়া, জয়পুরহাট, নওগাঁর ধামইরহাট ও বগুড়ার শেরপুরের নিম্নাঞ্চলের ফসলের খেত ও বাড়িঘর প্লাবিত হয়েছে।
এর আগে গত মাসের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, তিন দিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা, বুড়িতিস্তা, দেওনাই, চারালকাটা, ধাইজান, বুড়িখোড়া ও শালকি নদীর পানি বেড়েছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ গতকাল সোমবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করেছে ১১৯ মিলিমিটার। গতকাল সোমবার সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পাউবো ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, ২৪ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে ৫০ সেন্টিমিটার।
কুড়িগ্রাম: চার দিনের টানা ভারী বৃষ্টিতে জেলার ছোট-বড় ১৬টি নদ-নদীর পানি বেড়েছে। নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়ায় জেলার বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এলাকাগুলো হচ্ছে, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এবং চিলমারী ও নাগেশ্বরী উপজেলা। যাত্রাপুরে ব্রহ্মপুত্র নদের স্রোতে চর যাত্রাপুর থেকে পাঁচগাছি ইউনিয়নের ঘন শ্যামপুর পর্যন্ত তিন কিলোমিটার এবং ঘোগাদহ ঘাটের এক কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। চিলমারীর রমনা ঘাট থেকে জোড়গাছ পর্যন্ত দুই কিলোমিটার এবং নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্যাপক ভাঙন চলছে।
পাউবো জানায়, গত রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ধরলা নদীর ফেরিঘাট পয়েন্টে ৮২ সেন্টিমিটার, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার এবং দুধকুমার নদীতে ৭২ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।
রংপুর: গতকালসহ দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে পানি নেমে আসায় তিস্তা নদীর পানি বেড়েছে। জেলার গঙ্গচড়া উপজেলার চারটি ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
গতকাল সরেজমিন দেখা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের গান্নারপাড়ে নদী প্রতিরক্ষা বাঁধের ভেতরে প্রায় ৩০ বাড়িতে পানি উঠেছে। সালমা বেগম নামের এক গৃহিণীকে পানিতে দাঁড়িয়ে কষ্ট করে রান্না করতে দেখা যায়। তিনি বলেন, ‘বাহে, এইবার নিয়া তিনবার পানিত আটকা পড়নো।’ কোলকোন্দ ইউনিয়নের সাউথপাড়া এলাকায় বাঁধ ঘেঁষে প্রায় ২০টি পরিবারের বাড়িঘরে হাঁটুপানি উঠেছে। এ ছাড়া কোলকোন্দ ইউনিয়নে প্রায় ৪০০ এবং লক্ষ্মীটারী ইউনিয়নে ১০০ পরিবার আবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার মর্ণেয়া ও আলমবিদিতর ইউনিয়নে আরও ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
আদমদীঘি (বগুড়া): গতকালসহ তিন দিনের টানা বর্ষণে নওগাঁর ধামইরহাট উপজেলার ঘুকসী নদী, চিরি নদী, ছোট যমুনা নদী, কলকলীখাল, টুটিকাটা খাল ও মড়লই খালের পানি বাড়ছে। ধামইরহাট সদর, আগ্রাদ্বিগুণ, আলমপুর, উমার, আড়ানগর, জাহানপুর, ইসবপুর ও খেলনা ইউনিয়নের আমনখেত ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন চত্বরসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এসব এলাকার শাকসবজি ও আমন ধান পানিতে তলিয়ে গেছে। অনেক মাছের ঘের ও পুকুর ডুবে গেছে।
শেরপুর (বগুড়া): উপজেলার গাড়িদহ, খামারকান্দি, মির্জাপুর ও খানপুর ইউনিয়নের প্রায় ৩৫০ হেক্টর জমির সবজি প্লাবিত হয়েছে। এর মধ্যে শিম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো ও পালংশাকের খেত রয়েছে। এসব খেতের মালিক কৃষকেরা বলেন, খেত প্রস্তুত করতে কমপক্ষে বিঘাপ্রতি ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা করে ব্যয় হয়েছে।
জয়পুরহাট: প্রবল বর্ষণে জেলার তুলসীগঙ্গা এবং ছোট যমুনায় পানি বাড়ছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু পুকুরের মাছ ভেসে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতে জেলার ৭৪২ হেক্টর জমির আমন ধান এবং ১০০ হেক্টরের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।