উত্তরাঞ্চলে কনকনে শীত কুড়িগ্রামে পাঁচজনের মৃত্যু
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গত এক সপ্তাহে কুড়িগ্রামে শীতজনিত রোগে পাঁচজন মারা গেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: গতকাল বুধবার থেকে শীতের তীব্রতা বেড়েছে। দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক। দিনেও শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে।গত এক সপ্তাহে শীতজনিত রোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঁচজন মারা গেছেন। তাঁরা হচ্ছেন: আবু বক্কর সিদ্দিক (৮), পারভেজ (৯), আশা মণি (৬), জোহরা বেগম (৫০) ও আলী জন (৬০)। রাস্তায় লোক চলাচল কমে গেছে। গরম কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৩ ডিগ্রি এবং সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত এক সপ্তাহে শীতজনিত রোগে পাঁচজন মারা গেছেন। হাসপাতালগুলোয় শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।পীরগাছা (রংপুর): শীতবস্ত্রের অভাবে কনকনে শীতে কাহিল হয়ে পড়েছে দুস্থ ও অসহায় মানুষ। বিশেষ করে, চরাঞ্চলের মানুষ ভীষণ কষ্টে আছে। গতকাল বুধবার সূর্যের মুখ দেখা যায়নি।গতকাল দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের চর ছাওলা গ্রামে গিয়ে দেখা গেছে, অনেকে খড়কুটা জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা চালাচ্ছে। ছাওলা ইউপির চেয়ারম্যান নজির হোসেন জানান, তীব্র শীতে চরাঞ্চলের অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ জীবন যাপন করছে।জয়পুরহাট: গতকাল ভোর থেকে কনকনে ঠান্ডা হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে দুস্থ-ছিন্নমূল বস্তিবাসী ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। তীব্র শীতের কারণে শহরের পুরাতন শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গতকাল জেলায় তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১২ ডিগ্রি ও সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস।নীলফামারী: দিনের বেশির ভাগ সময় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। খড়কুটা জ্বালিয়ে হাড় কাঁপানো শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই পুরোনো কাপড়ের বাজার থেকে শীতবস্ত্র কিনছে।গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।