উত্তরাঞ্চলে কাল থেকে পণ্যবাহী পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি, চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দেওয়াসহ সাত দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বুধবার বগুড়ায় অনুষ্ঠিত ঐক্য পরিষদের এক সভা শেষে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান এ ধর্মঘটের ঘোষণা দেন। পরে শহরে মাইকিং করে এ ধর্মঘটের কথা জানানো হয়।

অন্য দাবিগুলো হলো ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান ও পিকআপের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক অপসারণের একতরফা সরকারি আদেশ প্রত্যাহার; পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ; ওজন স্টেশন স্কেলে বেপরোয়া চাঁদাবাজি ও হয়রানি বন্ধ; সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান এবং দুর্ঘটনা বন্ধে মহাসড়কে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা।

এর আগে বগুড়ায় অনুষ্ঠিত উত্তরবঙ্গের ১৬ জেলার মালিক-শ্রমিকদের যৌথ সভায়ও দাবি আদায়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

সভাশেষে আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, দেশের সড়ক-মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে মালিক-শ্রমিকেরা অতিষ্ঠ। তিনি অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকার পরও তল্লাশির নামে পণ্যবাহী যানবাহন আটকিয়ে নানা অজুহাতে শ্রমিকদের কাছ থেকে পুলিশ বেপরোয়া চাঁদা তুলছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দারোগার হাটের ওভারলোড কন্ট্রোল স্টেশন স্কেলে ওজন যাচাইয়ের নামে ইচ্ছেমতো জরিমানা আদায় এবং শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এখানে অতিরিক্ত পণ্য পরিবহন করলে উত্তরবঙ্গের পণ্যবাহী যানবাহন থেকে সর্বনিম্ন ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে। অন্যদিকে একই অপরাধে অন্য বিভাগের পণ্যবাহী যানবাহন থেকে মাত্র এক হাজার টাকা জরিমানা আদায় করা হচ্ছে।

আবদুল মান্নান অভিযোগ করেন, সরকারি নির্দেশনা মেনে প্রতিটি ট্রাকে পাঁচ টন পণ্য পরিবহন করলে পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে যাবে। এতে দ্রব্যের দামও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অথচ দেশের সড়ক ও সেতুর ২০ টন পর্যন্ত পণ্য পরিবহনের সক্ষমতা রয়েছে। দ্রব্যমূল্য সহনশীল রাখতেই মালিক-শ্রমিক যৌথ পরিষদ ২০ টন পর্যন্ত ওজন শিথিল করার দাবি তুলেছে।

পরিবহনমালিকদের এই নেতা বলেন, ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান ও পিকআপে বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক অপসারণের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। অথচ এরই মধ্যে অন্তত ৩০০ মামলা দেওয়া হয়েছে। ট্রাক থেকে সাইড অ্যাঙ্গেল খুলে ফেললে ট্রাকে পণ্য পরিবহন সম্ভব হবে না।