উত্তরাঞ্চলে চার স্থানে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের চারটি স্থানে গতকাল বুধবার কম্বল বিতরণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিল্পগোষ্ঠী এডিসন গ্রুপের উদ্যোগে সাকোঁয়া মঞ্জিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রাশেদ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সমাজসেবক সোহরাব হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইল কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হানিফ, আঞ্চলিক বিপণন কর্মকর্তা এম রুবেল হাসান, খায়রুজ্জামান ও সাকোঁয়া মঞ্জিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হাকিম।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আরডিআরএস বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা। বেলা ১১টায় সংস্থাটির নাগেশ্বরী কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহ। এ সময় আরও ছিলেন চর উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী আলমগীর হোসেন, আরডিআরএসের কর্মসূচি ব্যবস্থাপক এম এ জর্জিস আলম, এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেন, প্রদীপ কুমার পাল, সিনিয়র সামাজিক উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ।
দিনাজপুরের বিরামপুর উপজেলার হিলি সীমান্তে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিজিবি-২০ ব্যাটালিয়নের সদস্যরা। দুপুরে গোহাড়া উচ্চবিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইমতিয়াজ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মাসরুর এস এ রুমী, খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান প্রমুখ।
অধিনায়ক মো. ইমতিয়াজ চৌধুরী বলেন, বিজিবি-২০ ব্যাটালিয়নের অধীনে ১৪টি সীমান্ত ফাঁড়ি এলাকায় পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রোটারি ক্লাব সৈয়দপুরের উদ্যোগে সকালে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। রোটারি ক্লাব সৈয়দপুরের সভাপতি আজহারুল রানা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন শরীফুল আলম চৌধুরী এবং সাংবাদিক এম আর আলম ঝন্টু। বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সভাপতি মোস্তফা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে তিন শতাধিক শীতার্ত মানুষকে একটি করে কম্বল দেওয়া হয়।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছে কুড়িগ্রাম অফিস এবং লালমনিরহাট, বিরামপুর (দিনাজপুর) ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি)