উত্তরাঞ্চলে ডিজেলের সংকট চাহিদা বেড়েছে ৩০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা অনুযায়ী সরবরাহ না করায় উত্তরাঞ্চলে ডিজেলের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে উপজেলা সদর ও গ্রামপর্যায়ে খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি এক থেকে দুই টাকা বেশি নিচ্ছে। তেল কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নির্দেশে তাঁরা চাহিদা অনুযায়ী ব্যবসায়ীদের তেল সরবরাহ করছেন না। আগের নিয়মে তেল দিচ্ছেন।বিপিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক সপ্তাহে উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা এক লাফে ৩০ শতাংশ বেড়ে গেছে। কেউ যাতে মজুদ করতে না পারে, সে জন্য হিসাব করে তেল দেওয়া হচ্ছে। তা ছাড়া তেল যেন পাচার না হয়, সেদিক বিবেচনা করে তেল সরবরাহ করা হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। অনেক ব্যবসায়ী এই মৌসুমে মজুদ গড়ে তোলার চেষ্টা করেন। গ্রামাঞ্চলে এখনো তেলের দাম বাড়েনি বলে তিনি দাবি করেন।বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির অভিযোগ, বোরো মৌসুমে অন্য সময়ের তুলনায় ডিজেলের চাহিদা বেশি থাকে। জমিতে সেচ দেওয়ার জন্য চাহিদা বেশি থাকায় ডিলাররা বেশি করে উত্তোলন করেন। কিন্তু গত এক সপ্তাহ থেকে ডিলারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না। এ জন্য ক্রেতারা তাঁদের দোষারোপ করছেন। গত শনিবার বগুড়ায় বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির এক সভায় ডিজেল সরবরাহ কম করায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় উত্তরাঞ্চলের ১৬টি জেলার নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন জেলার নেতারা অভিযোগ করেন, তেল কোম্পানিগুলোর কতিপয় অসাধু কর্মকর্তা ডিলারদের তেল কম দিয়ে খুচরা বিক্রেতাদের বেশি করে তেল দিচ্ছে। এই ভরা মৌসুমে তেল সরবরাহ কমিয়ে দেওয়ায় বোরো চাষে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বগুড়ার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখা গেছে, ডিজেলের দাম লিটারপ্রতি এক থেকে দুই টাকা বেড়েছে। একই অবস্থা গাইবান্ধার সাঘাটা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ; জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও নাটোরের সিংড়ার গ্রামগুলোয়। বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আবদুল মোমিন জানান, ১৬টি জেলায় তাঁদের ৪৫০টি পেট্রোল পাম্প রয়েছে। এ ছাড়া কোম্পানির আওতায় ডিলার ও এজেন্ট রয়েছে। বোরো মৌসুমে যে হারে তেল দেওয়া হয় এবার কোনো কারণ ছাড়াই তা কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে ক্রেতাদের সঙ্গে তাঁদের ঝামেলা হচ্ছে। ডিজেলের দাবিতে গত রোববার রংপুরের মিঠাপুকুরে রুপালি পেট্রোল পাম্প ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকেরা।আবদুল মোমিন আরও জানান, সরকার এর আগে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। ১২ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ১৩ দফা দাবি মানা না হলে ১৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। তাঁদের দাবিগুলোর মধ্যে আছে তেল বিক্রির কমিশন বাড়ানো, পেট্রোল পাম্প স্থাপনের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন, সব ডিপো ও ডিপো-সংলগ্ন স্থানে শ্রমিকদের বিশ্রামাগার নির্মাণ, লরি চালকদের বিমা চালু ইত্যাদি।বগুড়ায় অবস্থিত পদ্মা, যমুনা ও মেঘনা এই তিন তেল কোম্পানির সমন্বয়ে গঠিত নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পাওয়া কর্মকর্তা শাহীন রেজা এ বিষয়ে বলেন, ‘তেল যে একেবারে দেওয়া হচ্ছে না তা নয়। তবে দেখে-শুনে দেওয়া হচ্ছে।’