উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
উত্তরবঙ্গের ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শ্রমিক ফেডারেশন ও প্রশাসনের মধ্যে এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাংবাদিকদের জানান, প্রশাসন চাঁদাবাজির অভিযোগে জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরানকে বরখাস্তসহ অন্য সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার স্বপন কুমার রায়, জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখত এবং বিভিন্ন জেলার শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকালে কোনো বাস-মিনিবাস চলাচল করেনি। ফলে ঢাকা ও বিভিন্ন জেলার যাত্রীরা দুর্ভোগে পড়ে।বগুড়া-জয়পুরহাট পথের পুনট, কালাই, পাঁচশিরাসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে মারধরের ঘটনা ঘটেছে। এসব পথের মানুষ ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যেতে চাইলে শ্রমিকেরা তাদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে ছিল পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও ট্রাফিক সার্জেন্টদের চাঁদাবাজি বন্ধ, শ্রমিকনেতাদের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি এবং নির্দিষ্ট এলাকার বাইরে নসিমন ও করিমন চলাচল বন্ধ করা। এসব দাবিতে গতকাল থেকে ধর্মঘট ডাকা হয়েছিল।