উত্তরাঞ্চলে পৌর নির্বাচন বর্জনের হুমকি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের ৭২টি পৌরসভায় নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং রাজশাহী ও রংপুর বিভাগে দলের নির্বাচন সমন্বয়কারী ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে বিরোধীদলীয় প্রার্থী ও কর্মী-সমর্থকদের র্যাব-পুলিশ দিয়ে নির্যাতন এবং গ্রেপ্তার করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে না এলে বিএনপি উত্তরাঞ্চলের সব পৌরসভায় নির্বাচন বর্জন করবে।গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ জেলা শহরের হোসেনপুর এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ হুমকি দেন ইকবাল হাসান মাহমুদ। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হাবিবে মিল্লাত মুন্না ও তাঁর স্ত্রী শারিতা মিল্লাত (শেখ হাসিনার মেয়ে পুতুলের ননদ) প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশ প্রটোকল নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার মহাজোট প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া জেলার শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া এবং কাজীপুরে বিএনপির প্রার্থী ও তাঁদের কর্মীদের প্রচারকাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার এলাকা উল্লাপাড়া ও এক মন্ত্রীর এলাকা বেলকুচিতে জোর করে ভোট নেওয়া হবে বলে প্রচার চালাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। অথচ সেখানে সেনাবাহিনী মোতায়েন না করে কাজীপুর এবং শাহজাদপুর পৌরসভায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। উত্তরাঞ্চলের ৭২টি পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।ইকবাল হাসান বলেন, নির্বাচনে বিএনপির পক্ষে জোয়ার এসেছে। কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারের মদদপুষ্ট লোকজন তা বানচাল করার চেষ্টা চালাচ্ছেন।এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দলীয় নেতা মকবুল হোসেন চৌধুরী, ফকরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েশ উপস্থিত ছিলেন।ইকবাল হাসান মাহমুদের অভিযোগ সম্পর্কে চিকিৎসক হাবিবে মিল্লাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, কোনো প্রকার অনিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে না। একটি পক্ষ আগেই বিভ্রান্তি ছড়াচ্ছে।