উত্তরাঞ্চলে ফের জেঁকে বসেছে শীত, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় আবার শীতের তীব্রতা বেড়েছে। এসব জায়গায় গতকাল সূর্যের মুখ দেখা যায়নি। শীতের কারণে খেটে খাওয়া মানুষের আয়রোজগার কমে গেছে। গরম কাপড়ের অভাবে হতদরিদ্ররা দুর্ভোগ পোহাচ্ছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: গতকাল সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। আগের রাতে বৃষ্টির মতো শিশির পড়েছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। জেলায় আবহাওয়া পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে, জেলায় রাতে তাপমাত্রা ৮-৯ এবং দিনে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করেছে।
শিশু এবং বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে হাসপাতালে সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ভিড় দেখা গেছে। অন্যদিকে রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মানুষের আয়রোজগার কমে গেছে। পৌর এলাকার খালপাড়া মহল্লার রিকশাচালক আছির উদ্দিন বলেন, ‘সাধারণভাবে প্রতিদিন দুই শ থেকে তিন শ টাকা আয় হতো। শীতের কারণে কেউ রিকশায় ওঠে না। সারা দিন ৫০ টাকাও ইনকাম করতে পারি না। ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে।’
কুড়িগ্রাম: সারা দিন সূর্যের মুখ দেখা যায় না। কুয়াশায় ঢেকে থাকে চারদিক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধকুমার নদের তীরে গিয়ে দেখা যায়, লোকজন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসছেন না। দিনের বেলায়ও অনেকে বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল বলেন, ‘এ ইউনিয়নে তিন হাজার দরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কম্বল পেয়েছিলাম মাত্র দেড় শ। তাই সবাইকে দেওয়া সম্ভব হয়নি।’
বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর): গতকাল সূর্যের মুখ দেখা যায়নি। রাতের মতো দিনেও কুয়াশায় আচ্ছন্ন ছিল। দমকা বাতাসে শীতের তীব্রতা বেড়ে যায়। রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জবুথবু হয়ে গেছে বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী, চিকলী, ফলিমারী ও ঘৃনই নদের তীর ঘেঁষে অবস্থিত ২১টি গ্রামের মানুষ। তারাগঞ্জের যমুনেশ্বরী নদীর বালাপাড়া গ্রামের খয়রন বিবি বলেন, ‘এবার ঠান্ডাত বুঝি বাঁচায় মুশকিল। মোক একটা মোটা কম্বল দেওয়া যায় না। মোর খুব কষ্ট বাপ।’
বদরগঞ্জের ইউএনও খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘এ পর্যন্ত সরকারিভাবে সাড়ে ৩ হাজার কম্বলসহ অন্তত ১০ হাজার গরম কাপড় বিতরণ করা হয়েছে। আরও ১৬ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। প্রতিদিন কম্বলের আশায় গরিব মানুষ আমার কার্যালয়ে ভিড় করছেন।’
তারাগঞ্জের পিআইও রেফাউল আযম বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে ১ হাজার ৬০০ কম্বল উপজেলায় বিতরণ করা হয়েছে।