উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জ সদরসহ পাঁচ উপজেলার শতাধিক গ্রামের মানুষ বন্যাকবলিত হয়েছে। কুড়িগ্রামে শতাধিক চরের লক্ষাধিক মানুষ পানিবন্দী। আর বগুড়ার ধুনটে ১২টি গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই জেলা সদর, কাজীপুর, চৌহালী, শাহজাদপুর ও চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের সাতটি গ্রাম, কাজীপুর উপজেলার প্রায় ২০টি গ্রামে গতকাল মঙ্গলবার থেকে পানি ঢুকতে শুরু করেছে। বন্যার পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে ঢেকুরিয়া, জগৎগঞ্জ ও বিলচতল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচিকণ্ঠ কিন্ডারগার্টেন স্কুল। এদিকে চৌহালী উপজেলার ২৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অপর দিকে শাহজাদপুর উপজেলার ৩০টি গ্রামের মানুষও পানিবন্দী। তাড়াশ উপজেলারও ১৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে।
কুড়িগ্রাম: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শতাধিক চরে পানি উঠেছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সব কটি নদ-নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রামে নতুন করে বন্যা দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, গত ২৪ ঘণ্টায় ধরলায় ১৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ৪০ সেন্টিমিটার ও তিস্তায় ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
ধুনট (বগুড়া): ধুনটে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ১২টি গ্রামের নতুন নতুন বাড়ি ও মাঠের ফসল তলিয়ে যাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার।