টানা বর্ষণের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও উজানের পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে আবার বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ।
বন্যায় মাঠের পর মাঠ ফসল তলিয়ে গেছে। পানি ঢুকে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তর। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধিরা।
কুড়িগ্রাম: জেলার ৭২টি ইউনিয়নের মধ্যে প্রায় ৬০টি ইউনিয়নই বন্যায় প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের ২০০ গ্রামের প্রায় এক লাখ মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে ৫৬ হাজার হেক্টর জমির ফসল। ভেসে গেছে কয়েক শ পুকুরের মাছ। বিভিন্ন রাস্তাঘাট এখনো পানিতে নিমজ্জিত। অঘোষিতভাবে বন্ধ রয়েছে চর-দ্বীপচরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
গতকাল সকালে জেলার ধরলা নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমোরসহ ১৬টি নদ-নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রচণ্ড স্রোতের কারণে জিঞ্জিরাম নদের ওপর খাটিয়ামারী স্লুইসগেটটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গত তিন দিনে ধরনী নদীতে ২০-২৫টি ঘরবাড়ি বিলীন হয়েছে।
বগুড়া: ২০১৪ সালের ২৮ আগস্ট রাতে জেলার সারিয়াকান্দিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যমুনার পানি ঢুকে পড়ায় ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতি হয়েছিল। সেই ক্ষত না শুকাতেই এবার বন্যায় নতুন করে ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ল। এর মধ্যে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় কোটি টাকার শিক্ষা উপকরণ ও অবকাঠামো নষ্ট হয়েছে। মাধ্যমিকের আটটি প্রতিষ্ঠানের অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বুকসমান পানি ওঠায় শিক্ষা উপকরণ, চেয়ার-টেবিল, বেঞ্চ, বৈদ্যুতিক পাখা, রসায়নাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে ১২ হাজার শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম।
ধুনট (বগুড়া): ধুনট উপজেলার বন্যা পরিস্থিতিও শোচনীয়। উপজেলার যমুনা, ইসামতী, বাঙ্গালীসহ তিন নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনার নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের ১২টি গ্রাম প্লাবিত হয়ে দুই হাজার মানুষ এখন পানিবন্দী। এ ছাড়া বৈশাখী ও রাধানগর, শহড়াবাড়ী, কৈয়াগাড়ীসহ চারটি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে পড়েছে।
জামালপুর: জেলার ইসলামপুর উপজেলার বাহাদুরাবাদ পয়েন্টে গতকাল দুপুরে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আশপাশের পাঁচটি ইউনিয়নের ৩১টি গ্রামের ২৫ হাজার মানুষ দ্বিতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছে। প্রথম দফার পানি না শুকাতেই আবারও তলিয়ে গিয়েছে রাস্তাঘাট, বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি।
সরিষাবাড়ী (জামালপুর): জেলার সরিষাবাড়ী উপজেলায়ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ৪৮ ঘণ্টার ভারী বর্ষণে নিচু এলাকা ও রোপা আমনের খেত তলিয়ে গেছে। পোগলদীঘা ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার কারণে উপজেলার অন্তত পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় পুনরায় পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সদর উপজেলা, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর—এই পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। জেলার প্রায় ৮ হাজার ২৩৬ হেক্টর রোপা আমন, বোনা আমন, বীজতলা ও শাকসবজি নষ্ট হয়ে গেছে।

সিলেট: টানাবৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও দক্ষিণ সুরমা উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। উপজেলার আন্তজেলা সড়কগুলো ডুবে যাওয়ায় যোগাযোগ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। গতকালও গোয়াইনঘাট উপজেলার পর্যটন-সমৃদ্ধ জাফলং ও বিছানাকান্দি এবং কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরকোয়ারি পানির নিচে তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথে বন্যার পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে হাজার ২২০ হেক্টর জমির রোপা আমন এবং ৫ হেক্টর বীজতলা। দুই শতাধিক পুকুর ও মৎস্য খামারের মাছ ভেসে গিয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে আছে পানির নিচে। এতে করে বিশেষ করে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে।
দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ১২ দিনের মধ্যে দ্বিতীয় দফায় সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল দুপুর থেকে দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলা সড়ক যোগাযোগব্যবস্থা চালু হয়েছে। তবে সড়কে এখনো পানি রয়েছে। উপজেলার মেরুং এলাকার জমিগুলো এখনো পানির নিচে। দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।
দ্বিতীয় দফা বন্যায় পাঁচ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দফায় ৭২৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম দফায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো কোনো সাহায্য পায়নি।
চাঁদপুর: পদ্মা ও মেঘনা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন পয়েন্টে মেঘনা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরের ১১টি চরের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জোয়ারের সঙ্গে নদীর পানি ক্রমাগত বৃদ্ধির কারণে মানুষের বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
গাইবান্ধা: টানা বৃষ্টিতে জেলার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও ঘাঘট নদ-নদীর পানি নতুন করে বৃদ্ধি পাচ্ছে। গত মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঘাঘট নদের পানি ২২ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি উপজেলার আরও ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ নিয়ে সাতটি উপজেলার ৬২টি ইউনিয়ন প্লাবিত হলো। এ বছরের বন্যায় জেলায় কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় ২৭৬ কোটি টাকা। জেলার ৩০ হাজার ১৭৪ হেক্টর জমির ফসল সম্পূর্ণ এবং ৯ হাজার ২৭৪ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।