উত্তরাঞ্চলে বন্যার পানি কমছে, ভাঙন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়িয়াল খাঁর ভাঙনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি। ভাঙনে নলকূপটি যাতে হারিয়ে না যায় সে আশায় নারকেলগাছের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখছেন এক নারী। ছবিটি গতকাল সকালে ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে তোলা l আলীমুজ্জামান
আড়িয়াল খাঁর ভাঙনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি। ভাঙনে নলকূপটি যাতে হারিয়ে না যায় সে আশায় নারকেলগাছের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখছেন এক নারী। ছবিটি গতকাল সকালে ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে তোলা l আলীমুজ্জামান

বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি কমতে থাকায় গতকাল রোববার এসব জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমেছে জামালপুরেও। তবে ফরিদপুরে বন্যার অবনতি হয়েছে, সেই সঙ্গে তীব্র হয়েছে নদীভাঙন। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে।

এদিকে বানভাসি অনেক মানুষ এখনো ত্রাণসহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। আবার কোথাও কোথাও ত্রাণ অপর্যাপ্ত বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া খাওয়ার পানির অভাব, জ্বালানি সংকট ও পানিবাহিত রোগব্যাধিসহ নানা দুর্ভোগে দিন কাটছে বন্যার্ত মানুষের।

এলাকাবাসী, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনের বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুরে পদ্মার পানি গতকাল আরও বেড়েছে। তলিয়ে গেছে সদরপুর উপজেলার নতুন বসতভিটা ও ফসলি জমি। সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, আড়িয়াল খাঁ নদের ভাঙনের মুখে লোকজন বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন। এলাকার জব্বার মীর বলেন, ১০ দিন ধরে ভাঙন চললেও কেউ তাঁদের খোঁজ নেননি। এ কয়েক দিনে ৪৪টি পরিবারের ভিটা ও ১৩২ একর ফসলি জমি ভাঙনে বিলীন হয়েছে।

ভাঙনের কারণে চর বলাশিয়া সিকদার বাড়ি জামে মসজিদ সরানো হচ্ছে। ভাঙনের মুখে পড়েছে চর বলাশিয়া মোল্লা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামীমা আক্তার বলেন, ‘যত দিন থাকা যায় থাকব; তারপর চলে যাব।’ ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, চর বলাশিয়া ঘাট রক্ষায় বালুর বস্তা ফেলা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ে ওই এলাকায় ভাঙন রোধে ৩২৫ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া আছে। ইউএনও রোকসানা রহমান বলেন, ভাঙনের শিকার মানুষের তালিকা হচ্ছে।

জামালপুরে যমুনা নদীর পানি কমেছে। গত শনিবার সকাল থেকে বন্যার পানি কমছে, তবে দুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার দেড় লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। পানি কমতে থাকায় ক্ষতিগ্রস্ত বসতঘর, রাস্তাঘাট জেগে উঠছে। ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট এবং পানিবাহিত রোগ। ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকেরা।

এদিকে ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে মারা গেছে আরাফাত হোসেন (১০) নামের এক স্কুলছাত্র। গতকাল সকালে পচাবহলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে নটারকান্দা গ্রামের মো. হাসেন আলীর ছেলে ও ইসলামপুর নেকজাহান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় বন্যার পানি দেখতে গিয়ে সে নিখোঁজ হয়।

সিরাজগঞ্জের বাহুকায় ভেঙে যাওয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ সেনাবাহিনীর সহায়তায় মেরামত করতে সক্ষম হয়েছে পাউবো। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাঁধের মেরামতকাজ শেষ হয়েছে। আপাতত ঝুঁকি নেই। যমুনার পানিও কমতে শুরু করেছে। আরও বালুভর্তি বস্তা মেরামতের স্থানে ফেলা হবে।

বগুড়ায় গত দুদিনে মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি ২২ সেন্টিমিটার কমেছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় ১৭ হাজার ৪০ পরিবার এখনো পানিবন্দী। বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়ে আছে ৪ হাজার ২৯০টি পরিবার। ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। তলিয়ে গেছে প্রায় ৫ হাজার ৮৫ হেক্টর জমির ফসল।

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন। ২৪ ঘণ্টায় আরও শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। এ নিয়ে চলতি বর্ষায় প্রায় ৪ হাজার পরিবার নদীভাঙনের শিকার হলো।

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার হাওরসংলগ্ন এলাকার প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী আছে।

সিলেটের শুধু ফেঞ্চুগঞ্জে গতকাল বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল। অপর আট উপজেলায় পানি কমেছে। জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেন, নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় পানি কমতে শুরু করেছে।