উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের দুর্ভোগ আরও দুই মাস
উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের দুর্ভোগ আরও প্রায় দুই মাস থাকবে। এ অঞ্চলে দৈনিক প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে। এ জন্য পুরো রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। গত শনিবার বিকেলে রাজশাহী বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব আহমদ কায়কাউসের সঙ্গে দুই বিভাগের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা হয়। এতে বিদ্যুতের এই চিত্র তুলে ধরা হয়।
সভায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পল্লী বিদ্যুৎকে তাদের হিস্যা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয় না। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী ইতিমধ্যে রংপুর বিভাগের পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ পাচ্ছে। কিন্তু রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিকে তা দেওয়া হচ্ছে না।
রাজশাহী পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক এস এম মোজাম্মেল হক সভায় বলেন, গত ৫ জুন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে সান্ধ্য ‘পিক আওয়ারে’ যে পরিমাণ বিদ্যুতের সরবরাহ থাকবে, তার ৬৬ দশমিক ৭ শতাংশ পল্লী বিদ্যুতে দিতে হবে। বাকি ৩৩ দশমিক ৩ শতাংশ নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পাবে।
সচিব এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাত দিনের মধ্যে হিস্যা অনুযায়ী বিদ্যুৎ বিতরণের নির্দেশ দেন। তা ছাড়া বিষয়টি তাঁকে জানাতে বলেন। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে সবার জন্য বিদ্যুতের ব্যবস্থা করা হবে। এই লক্ষ্যমাত্রা ছিল আরও দুই বছর পরের। কিন্তু সেটি এগিয়ে আনা সম্ভব হয়েছে। এখন পল্লী বিদ্যুৎ আর নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বলে কোনো কথা নেই। সবার জন্যই ব্যবস্থা করতে হবে।