উত্তরাঞ্চলে সার পরিবহনে অচলাবস্থা
যমুনা নদীতে নাব্যতাসংকটের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সার পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পানি কমে যাওয়ায় চরশিবালয় ও নাকালিয়া এলাকায় সারবোঝাই জাহাজগুলো আটকে আছে। কর্তৃপক্ষ ওই এলাকা দিয়ে সাড়ে ছয় ফুটের বেশি ড্রাফটের জাহাজ চলাচলের ওপর নির্দেশনা জারি করেছে।চরশিবালয় এলাকায় যমুনা নদীতে নোঙর করে থাকা জাহাজের মাস্টারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এক সপ্তাহ ধরে পাবনার বেড়া উপজেলার নাকালিয়া এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার চরশিবালয় এলাকায় যমুনা নদীর পানি আশঙ্কাজনকভাবে কমার কারণে সারবোঝাই জাহাজগুলো নগরবাড়ী কিংবা বাঘাবাড়ী নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে জাহাজগুলোকে চরশিবালয় ও নাকালিয়া এলাকায় নোঙর করে রাখতে হচ্ছে। ৫০০ টনেরও বেশি সার নিয়ে চরশিবালয় এলাকায় যমুনা নদীতে নোঙর করে আছে এমভি আসাদ। নাব্যতাসংকটের কারণে জাহাজটি এক সপ্তাহ ধরে ওই এলাকায় আটকে থাকার পর গত মঙ্গলবার সার নামিয়ে ছোট নৌকা করে নগরবাড়ী নিয়ে যাওয়া হয়। একই কারণে এক সপ্তাহ ধরে চরশিবালয়ে যমুনা নদীতে আটকে ছিল চট্টগ্রাম থেকে আসা এমভি সম্রাট, এমভি ফাতেমা, এমভি আবাবিল-১, এমভি হিরামন, এমভি নিউ সান-১, এমভি মোহাম্মদ আলী-৩, এমভি তৌসিফ, এমভি শিশির, এমভি আহম্মদ, এমভি আসাদ, এমভি ওয়াটার সান, এমভি জু গার্ডেন, এমভি শিমুলিয়া, এমভি বর্ষা, এমভি মাস্টার মাহিন, এমভি কুইন অব অগ্রযাত্রা, এমভি নাজমা-গনি, এমভি আরিয়াল খাঁ ও এমভি ইব্রাহিম খলিলুল্লাহ। এ ছাড়া আরও পাঁচটি সারবোঝাই জাহাজ সার নিয়ে বেড়ার নাকালিয়া এলাকায় যমুনা নদীতে আটকে রয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ১৫টি জাহাজ চর শিবালয়ে আটকে ছিল।বংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, তিন দিন চরশিবালয় এলাকায় ড্রেজিং করার পর পানির গভীরতা কিছুটা বাড়লে কম ধারণ ক্ষমতাসম্পন্ন ১৩টি জাহাজ মঙ্গলবার বিকেলে চরশিবালয় থেকে নগরবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন বেশ কয়েকটি সারবোঝাই জাহাজ গতকাল বুধবারও ওই দুটি স্থানে নোঙর করে ছিল। আটকে থাকা সারবোঝাই জাহাজ থেকে সার নামিয়ে ছোট নৌকা ও ইঞ্জিনচালিত নৌকা করে নগরবাড়ীতে সার নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন নতুন নতুন জাহাজ ওই এলাকায় এসে আটকা পড়ছে। এতে সার পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।এমভি আসাদের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, পুরো বোঝাই জাহাজ চলাচলে কমপক্ষে নয় ফুট পানির প্রয়োজন। কিন্তু যমুনা নদীর নাকালিয়া ও চরশিবালয় এলাকায় পানি রয়েছে ছয় থেকে সাড়ে ছয় ফুট। এ কারণে জাহাজগুলো সঠিকভাবে চলাচল করতে পারছে না।সার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রোটন ট্রেডার্সের প্রতিনিধি মো. জুয়েল শেখ জানান, নাব্যতাসংকটের কারণে উত্তরবঙ্গের জেলাগুলোতে সার সরবরাহে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাহাজ আটকে যাওয়ায় সার নামিয়ে ছোট নৌকা অথবা ইঞ্জিনচালিত নৌকা করে নগরবাড়ী নিতে বস্তাপ্রতি অতিরিক্ত খরচ হচ্ছে ১০ থেকে ১৩ টাকা করে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, নাব্যতাসংকটের কারণে ইতিমধ্যেই সাড়ে ছয় ফুট ড্রাফট সীমার বেশি জাহাজগুলোকে চরশিবালয় হয়ে চলাচলের ওপর নির্দেশনা জারি করা হয়েছে। তবে নাকালিয়া এলাকায় নাব্যতাসংকট নেই বলে তিনি দাবি করেন।