উত্তরাঞ্চলের ট্রেনের বিলম্বে চলাচল, ভোগান্তিতে যাত্রীরা
বর্তমানে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সব আন্তনগর ট্রেন সাত-আট ঘণ্টা বিলম্বে চলাচল করে। এতে প্রতিদিন কয়েক হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগ পোহান। বছরের পর বছর ধরে এ সমস্যার কোনো সমাধান না হওয়ায় একদিকে ট্রেনযাত্রীদের অতিরিক্ত টাকা ব্যয় করে বাসে যাতায়াত করতে হচ্ছে, অপরদিকে রেলওয়ে প্রতিবছর কোটি কোটি টাকা লোকসান গুনছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী চারটি আন্তনগর ট্রেন চলাচল করে। বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে মিটারগেজ লাইনে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস নামের আন্তনগর ট্রেন চালু করে। পরে লালমনিরহাট থেকে লালমনি এক্সপ্রেস, দিনাজপুর থেকে আরও একটি আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস এবং নীলফামারী থেকে নীলসাগর এক্সপ্রেস নামের আন্তনগর ট্রেন চালু করে। ঢাকাগামী চারটি আন্তনগর ট্রেন চালু হওয়ার পর উত্তরাঞ্চলের কয়েক হাজার মানুষ বাসের ওপর নির্ভরশীলতা কমিয়ে ট্রেনে যাতায়াত শুরু করে। দুর্ঘটনার আশঙ্কা কম থাকা, কম ভাড়া, আসনে বসে খাওয়ার পানি পাওয়া ও শৌচাগারের ব্যবস্থা থাকায় উত্তরাঞ্চলের ১৬ জেলার বেশির ভাগ মানুষের কাছে অল্প সময়ের মধ্যে ট্রেনযাত্রা জনপ্রিয় হয়ে ওঠে।কিন্তু রেলওয়ের অব্যবস্থাপনা, ইঞ্জিন ও বগিসংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে ধীরে ধীরে মুখ থুবড়ে পড়েছে উত্তরাঞ্চল ও ঢাকার মধ্যে আন্তনগর ট্রেনের যোগাযোগব্যবস্থা। প্রতিটি আন্তনগর ট্রেন সাত থেকে আট ঘণ্টা বিলম্বে যাতায়াত করায় যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের বুকিং ক্লার্ক আবদুল আজিজ জানান, সান্তাহার স্টেশন থেকে ঢাকাগামী চারটি ট্রেনের দিন ও রাতে বিভিন্ন শ্রেণীতে টিকিটের সংখ্যা ১৬৭টি। কিন্তু এখানে টিকিটের চাহিদা এত বেশি যে যাত্রীদের টিকিট দিতে হিমশিম খেতে হয়। সান্তাহার জংশন স্টেশনে অপেক্ষমাণ যাত্রী নুরুল ইসলাম জানান, তিনি দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছেন। সান্তাহার স্টেশনে ট্রেনটি আসার সঠিক সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিট। কিন্তু শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ট্রেনটি স্টেশনে আসে। এই স্টেশনে নুরুল ইসলামের মতো আরও অনেক যাত্রীকে অপেক্ষা করতে হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মাহাবুবুল আলম ট্রেন বিলম্বে আসার সত্যতা স্বীকার করে বলেন, অচিরেই এ সমস্যার সমাধান হবে। দুই বছরের মধ্যে পর্যাপ্ত ইঞ্জিন ও কোচ আমদানি করা হবে। যাত্রীসেবা বাড়ানোর জন্য রেলওয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।