উত্তরাঞ্চলের ধর্মঘট 'আপাতত' স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘট প্রত্যাহারের খবরে টিকিটের জন্য বাস কাউন্টারে ভিড়। ছবিটি রংপুরের একটি বাস কাউন্টার থেকে তোলা। ছবি: প্রথম আলো
ধর্মঘট প্রত্যাহারের খবরে টিকিটের জন্য বাস কাউন্টারে ভিড়। ছবিটি রংপুরের একটি বাস কাউন্টার থেকে তোলা। ছবি: প্রথম আলো

উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ‘আপাতত’ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
গত রাতে প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ার পর আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় জরুরি বৈঠক ডাকে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বগুড়া আন্তজেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত এ বৈঠকে রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে ঐক্য পরিষদের আহ্বায়ক ও রাজশাহী পরিবহন মালিক-গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর হোসেন এবং ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ধর্মঘট প্রত্যাহারের যৌথ ঘোষণা দেন।

শাহ মো. আখতারুজ্জামান বলেন, ‘সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ৬ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি। এ সময়ের মধ্যে আমাদের দাবিদাওয়া পূরণ করা না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে।’