উত্তরাঞ্চলের নয় জেলায় ডিজেল-সংকট বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার তুলনায় সরবরাহ কম ও বণ্টন সমন্বয়হীনতার কারণে উত্তরাঞ্চলের নয় জেলায় তীব্র ডিজেল-সংকট দেখা দিয়েছে। এ সুযোগে একশ্রেণীর ব্যবসায়ী প্রতি লিটার ডিজেল ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করছেন। এই অবস্থায় বোরো উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার মো. জসিম উদ্দিন পার্বতীপুরে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতবিনিময় করেন।পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শামসুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক সেকেন্দার আলী, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস, যমুনা অয়েল কোম্পানির (বগুড়া) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সবুর খান, পদ্মা অয়েল কোম্পানির (বগুড়া) এজিএম শহীদ উদ্দিন আহম্মেদ, পার্বতীপুর রেল হেড অয়েল ডিপো ইনচার্জ হেমায়েত উদ্দিন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু তাহের, ডিজেলচালিত রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্লান্ট ইনচার্জ ইমদাদুল হক প্রমুখ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বতীপুরে অবস্থিত এক কোটি ১১ লাখ লিটার (ডিজেল) ধারণক্ষমতার পার্বতীপুর রেল হেড অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জয়পুরহাট জেলায় ১৪৭ জন ডিলার এবং ২২১ জন এজেন্টের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে পদ্মা, মেঘনা ও যমুনা এটি পরিচালনা করে থাকে। বর্তমানে এ ডিপোতে মজুদ শূন্যে নেমে এসেছে। সভায় জানানো হয়, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ভরা সেচ মৌসুমে এ অঞ্চলে প্রতিদিন ১২ থেকে ১৫ লাখ লিটার ডিজেল প্রয়োজন। কিন্তু সরবরাহ দেওয়া হচ্ছে তিন থেকে সাড়ে চার লাখ লিটার।পার্বতীপুর ডিপো ইনচার্জ হেমায়েত উদ্দিন জানান, এর আগে ডিজেলচালিত ঠাকুরগাঁও ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে সরাসরি চট্টগ্রাম থেকে ডিজেল পরিবহন হতো। কিন্তু কয়েক মাস থেকে ওই দুটি কেন্দ্র পার্বতীপুর ডিপো থেকে তেল উত্তোলন করছে। কেন্দ্র দুটিতে এক দিন পরপর ছয় লাখ লিটার ডিজেল সরবরাহ করতে হচ্ছে। এ ছাড়া লোডশেডিংয়ের কারণে উত্তরাঞ্চলে অবস্থিত প্রায় ১০০ হিমাগারে জেনারেটর চালাতে প্রতিদিন প্রায় দুই লাখ লিটার অতিরিক্ত ডিজেল খরচ হচ্ছে। সভায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা বলেন, বর্তমানে সমুদ্রপথে চট্টগ্রাম থেকে খুলনা এবং সেখান থেকে রেল ট্যাংকারে করে জ্বালানি তেল পার্বতীপুরে এসে পৌঁছাতে সময় লাগে ১৫-২০ দিন। কিন্তু রেল কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়া গেলে সরাসরি চট্টগ্রাম থেকে পার্বতীপুরে রেল ট্যাংকারে করে সাত দিনের মধ্যে তা নিয়ে আসা সম্ভব। সভায় জানানো হয়, ঠাকুরগাঁও ও রংপুর বিদ্যুৎকেন্দ্রে সরাসরি চট্টগ্রাম থেকে ডিজেল পরিবহন করলে ও রেলের মাধ্যমে সরাসরি চট্টগ্রাম থেকে পার্বতীপুর ডিপোতে পরিবহন করা হলে এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে মজুদের পরিমাণ বাড়ানো হলে জ্বালানিসংকট এড়ানো সম্ভব।