উত্তরাঞ্চলের সঙ্গে চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে গতকাল শুক্রবার সাড়ে চার ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। নাটোর রেলস্টেশন সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তনগর ট্রেন গতকাল বেলা দেড়টার দিকে স্টেশন অতিক্রম করার পরপরই ইয়াছিনপুর নামক জায়গায় এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় চালক ট্রেনটি থামিয়ে দেন। এতে উত্তরাঞ্চলে চলাচলকারী রূপসা, রংপুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নাটোর স্টেশনের সহকারী স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধারের পর সন্ধ্যা ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।