উত্তরাঞ্চলের সঙ্গে যোগ হলো আরও আট জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাঞ্চলের ১৬ জেলায় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক–শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল গতকাল৷ ধর্মঘট চলাকালে রাজশাহী নগরের তালাইমারী এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে শ্রমিকেরা হামলা চালান l ছবি: প্রথম আলো
উত্তরাঞ্চলের ১৬ জেলায় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক–শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল গতকাল৷ ধর্মঘট চলাকালে রাজশাহী নগরের তালাইমারী এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে শ্রমিকেরা হামলা চালান l ছবি: প্রথম আলো

রাজশাহী বিভাগে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল সোমবার দ্বিতীয় দিনে পড়েছে৷ ধর্মঘট চলাকালে রাজশাহী ও সিরাজগঞ্জে কয়েকটি গাড়িতে আগুন, ভাঙচুর এবং গাড়িচালকদের ওপর হামলার ঘটনা ঘটে৷ সড়কপথে রাজধানীসহ বাইরের জেলাগুলোর সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে আছে এ অঞ্চলের মানুষ৷ 
ছয় দফা দাবিতে গত শনিবার বিকেলে বগুড়ায় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যৌথ সভা থেকে ওই ধর্মঘটের ডাক দেয়৷ এদিকে, অাজ মঙ্গলবার থেকে ঢাকা, গাজীপুর এবং বৃহত্তর ময়মনসিংহের আরও ছয় জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে৷ সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: 
রাজশাহী: চোখের সামনে ট্রেন ছেড়ে যেতে দেখলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আতিকুর রহমান, তাঁর বোন ফাতেমাতুজ্জোহরা ও দুই ভাগনি৷ অসহায়ের মতো রাজশাহী রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দুই ভাগনি আর কান্না চেপে রাখতে পারল না৷ আজ মঙ্গলবারই চট্টগ্রামে কর্মস্থলে যোগদান করার কথা ছিল আতিকের৷ 
ধর্মঘট চলাকালে গতকাল ট্রেনের টিকিট না পেয়ে পরিবারটির মতো অনেকেই ঢাকা ও বাইরের অন্য জেলাগুলোতে যেতে পারেননি৷ প্রয়োজনের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ উঠে পড়েন ট্রেনের ইঞ্জিনের সামনে৷ 
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় রাজশাহী নগরের এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনালের সামনে দিয়ে যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা৷ ধর্মঘটি পরিবহন শ্রমিকেরা সেটি ভাঙচুর করেন এবং এর চালককে পেটাতে পেটাতে নিয়ে যান৷ এর আগে রোববার দিবাগত রাত ১১টার দিকে একই টার্মিনালের সামনে মোটর শ্রমিকেরা আগুন লাগিয়ে দেন একটি ভটভটিতে৷ রাজশাহী নগর ও এর আশপাশে ভাঙচুর করা হয়েছে আরও ১০টি ভটভটি ও একটি ট্রাক৷ 
বগুড়া: ট্রেন ধরার জন্য গতকালও সকাল থেকে বগুড়া রেলস্টেশনে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা৷ কোনো ট্রেনেই তিল ধারণের ঠাঁই ছিল না৷ ঝুঁকি নিয়ে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকেই৷ 
ধর্মঘটে জেলার ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে মন্দা৷ গ্রাম থেকে কেনাকাটা করতে লোকজন শহরে আসতে পারছেন না৷ যানবাহন না চলায় গোটা শহরের রাস্তাঘাট ফাঁকা৷ বিপণিকেন্দ্রগুলো প্রায় ক্রেতাশূন্য৷ হাত গুটিয়ে বসে আছেন ব্যবসায়ীরা৷ ফুটপাতের দোকািনরাও পসরা সাজিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতা নেই৷ আড়তে ফল পচে নষ্ট হচ্ছে৷ 
সিরাজগঞ্জ: ধর্মঘটে সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় আটকে পড়ে শত শত যানবাহন৷ মহাসড়কে চালকেরা গাড়ি চালানোর চেষ্টা করলে ধর্মঘটি শ্রমিকেরা তিনটি যানবাহন ভাঙচুর করেন এবং চালকদের ওপর হামলা চালান৷ এতে আহত হন বেশ কয়েকজন৷ 
নওগাঁ: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, ধর্মঘটের কারণে গতকালও নওগাঁ থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব পথে যান চলাচল বন্ধ ছিল৷ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নারী-শিশুসহ অসংখ্য যাত্রী বাসস্ট্যান্ডে এসে আটকা পড়েন৷
সমঝোতা বৈঠক ভন্ডুল: ধর্মঘট তুলে নিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে প্রশাসনের সমঝোতার উদ্যোগ ভেস্তে গেছে৷ দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য বগুড়ার জেলা প্রশাসনের কর্মকর্তারা ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির নেতাদের সঙ্গে গত রোববার রাতে জরুরি বৈঠকে বসেন৷ কিন্তু মালিক-শ্রমিকদের অনড় অবস্থানে শেষ পর্যন্ত আলোচনা পণ্ড হয়ে যায়৷ বগুড়ায় এ বৈঠকের পর গতকাল বেলা তিনটায় রাজশাহীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হয়৷ ওই বৈঠকও ফলপ্রসূ হয়নি৷
১৫০ জনের বিরুদ্ধে মামলা: নেত্রকোনা প্রতিনিধি জানান, এ জেলায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা মোটরযান শ্রমিক ও মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে রোববার রাতে সদর মডেল থানায় মামলা হয়েছে৷ গত শনিবার বিকেলে জেলা শহরের পার্লা বাসস্ট্যান্ডে বাস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ এতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদসহ আহত হয়েছিলেন অন্তত ৩০ জন৷ 
আরও আট জেলায় ধর্মঘট: ময়মনসিংহ অফিস জানায়, নেত্রকোনার জেলা প্রশাসককে প্রত্যাহার, পুলিশের চাঁদাবািজ বন্ধসহ কয়েকটি দাবিতে আজ মঙ্গলবার থেকে ঢাকা, গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা—টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে৷ 
ঢাকা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গতকাল বিকেলে ময়মনসিংহ শহরের জুবলী রোডে ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়৷