উত্তরাঞ্চলের সার উত্তোলন বন্ধ
উত্তরাঞ্চলের সার ব্যবসায়ীরা সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন। ভর্তুকির টাকা প্রদান, মিল মূল্যে বাফার গুদামে টাকা জমা দেওয়া, ইউরিয়া ও টিএসপি সারের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে এ সিদ্ধান্ত নিয়েছেন উত্তরাঞ্চলের বিসিআইসি অনুমোদিত সার ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে ১১ জুন উত্তরাঞ্চলের সব জেলা বিএফএর সভাপতি, সম্পাদকদের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠেয় সভায় বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান উত্তরবঙ্গ সার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আবদুল ওয়াহেদ সরকার।নীলফামারী জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ সার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আবদুল ওয়াহেদ সরকার বলেন, সরকার ঘোষিত গত বছরের টিএসপি সারের ভর্তুকি আমদানিকারকদের প্রদান করা হলেও ব্যবসায়ীদের এখনো দেওয়া হচ্ছে না। মিল রেটে বাফার গুদামে টাকা নিতে হবে, ইউরিয়া ও টিএসপি সারের বিক্রয় মূল্য পুনরায় নির্ধারণ করতে হবে। আবদুল ওয়াহেদ সরকার বলেন, ১১ জুনের মধ্যে সরকার দাবি না মানলে সেখানে বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।