নারীনীতির খসড়া কর্মপরিকল্পনা প্রায় চূড়ান্ত
উত্তরাধিকারসহ সব ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে সম-অধিকার
নারী ও পুরুষের মধ্যে সম-অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া তৈরি করেছে। এর লক্ষ্য, পর্যায়ক্রমে ২০২১ সালের মধ্যে সম-অধিকার ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চলতি মাসেই খসড়া কর্মপরিকল্পনাটি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক খসড়াটির খুঁটিনাটি পর্যালোচনা করছেন। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি চূড়ান্ত করা হবে।’সম্প্রতি হেফাজতে ইসলামের ১৩ দফার ৫ নম্বরে জাতীয় নারী উন্নয়ন নীতিকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের কথা বলা হয়েছে। এ ছাড়া ৪ নম্বর দফায় প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করতে বলা হয়েছে। নারীনীতি বাতিলের দাবি প্রসঙ্গে শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এ নীতি বাতিল করার প্রশ্নই আসে না। তবে যারা এ নীতি বাতিলের কথা বলছে, ভবিষ্যতে তারা রাষ্ট্রক্ষমতায় গেলে যা খুশি তাই করতে পারে। তাই ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় কারা আসবে, তা নিয়ে সবাইকে সচেতন হয়ে ভোট দিতে হবে।জাতীয় নারী উন্নয়ন নীতিতে উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। খসড়া কর্মপরিকল্পনায় নারীনীতির এসব বিষয় ধর্মীয় অনুভূতির সঙ্গে যে সাংঘর্ষিক নয়, তা স্থানীয় মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের মাধ্যমে আরও জোরালোভাবে প্রচারের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পত্তিতে নারীদের পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার দেওয়ার জন্য আইন প্রণয়ন এবং বাস্তবায়নেরও ব্যবস্থা করা হবে। আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে সরকার এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। পুরো কর্মপরিকল্পনাটি সরকার আগামী নয় বছরের মধ্যে বাস্তবায়ন করবে।কর্মপরিকল্পনাটি নারীদের সামগ্রিক উন্নয়ন ও তাদের অবস্থা পরিবর্তনের লক্ষ্যে তিনটি সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এতে স্বল্পমেয়াদি (ছয় মাস থেকে দুই বছর), মধ্য মেয়াদি (দুই থেকে পাঁচ বছর) এবং দীর্ঘমেয়াদি (পাঁচ থেকে ১০ বছর) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য স্বল্পমেয়াদি ব্যবস্থা হিসেবে সরকারি চাকরিতে নারীদের প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩২ বছরে উন্নীত করার কথা বলা হয়েছে। এ ছাড়া ২০১৪ সালের জুন মাসে নতুন নারীবান্ধব নির্বাচনী আইন সংসদে পাস করা এবং রাজনীতির বিভিন্ন স্তরে কমিটি গঠনে ৩০ শতাংশ নারী সদস্যের জন্য কোটা সংরক্ষণ করা হবে।মধ্যমেয়াদি কর্মপরিকল্পনায় নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শর্তে ৩৩ শতাংশ নারীর আসন বরাদ্দ করতে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিসভায় ৩০ শতাংশ নারী সদস্য নিয়োগের জন্য প্রয়োজনীয় নীতিমালাও তৈরি করা হবে। এ ছাড়া হার্ড টু রিচ এলাকায় দুটি প্রাথমিক ও দুটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে সাইকেল দেওয়ার জন্য পাইলট প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে। প্রচলিত বিভিন্ন আইনের পর্যালোচনা করার জন্য টাস্কফোর্স গঠন, ৪০ বছরের কম বয়সী নারীদের আয়ের উৎস বাড়ানোর জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেওয়া হবে এ কর্মপরিকল্পনার আলোকে।খসড়ায় পিতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন, গৃহকর্মে অংশ নেওয়া পুরুষদের জন্য পুরস্কারের ব্যবস্থা, শিল্প-কারখানায় মাতৃত্বকালীন ছুটি ছয় মাস কার্যকর এবং ব্যাংক, বিমা, কোম্পানিতে বোর্ড সদস্য হিসেবে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার জাতীয় নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন শুরু করে দিয়েছে। কর্মপরিকল্পনাটি চূড়ান্ত হলে এর আলোকে আরও বিস্তারিতভাবে কার্যক্রম হাতে নেওয়া সহজ হবে।