
অনগ্রসর এক গ্রাম। সেই গ্রামে বাস করে তরুণী হামিদা। চিকিৎসার অভাবে মা-বাবা অকালে মারা যায়। দাদির স্নেহে বড় হয়েছে সে। এদিকে জমি-জিরাত গেছে সব মাতব্বরের দখলে। এর মধ্যেও গ্রামের যুবক শাদুকে নিয়ে স্বপ্ন বোনে হামিদা। সেই স্বপ্ন ভেঙে দেয় দারিদ্র্য। হামিদার বিয়ে হয় আরেক গাঁয়ের যুবক ট্যারার সঙ্গে। কিন্তু বাসররাতে হামিদা আবার ফিরে আসে দাদির কাছে। ট্যারা শত চেষ্টা করেও আর হামিদাকে বাড়ি নিয়ে যেতে পারেনি। নতুন আশা জাগে শাদুর মনে। এদিকে হামিদার ওপর নজর পড়ে মাতব্বরেরও। কী করবে হামিদা। এই টানাপোড়েনের গল্প ও গ্রামীন জীবনের পটভূমিতে রচিত নাটক মন তার শঙ্খিনী।
গ্রুপ থিয়েটার সংগঠন উত্তারিধাকারের যুগপূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন দিনের উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় নাটকটি। হাসান আজিজুল হকের রচনায় ও মঈন উদ্দিনের নির্দেশনায় এটির নাট্যরূপ দিয়েছেন আমিনুর রহমান। উৎসব চলে ৫ থেকে ৭ মার্চ। প্রথম দিন সন্ধ্যায় সাতটায় তানভীর আহমেদের রচনায় ও মোসলেম উদ্দিন সিকদারের নির্দেশনায় প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মৃত্যুপাখি।
উৎসবের শেষ দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান। মিসফাক রাসেলে সঞ্চালনায় প্রথম পর্বে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায় ও মোস্তফা কামাল। আধুনিক গান করেন সাইমা আকতার, নাবিলা ও রিনি। আবৃত্তিতে ছিল প্রমা, উচ্চারক ও তারুণ্যের উচ্ছ্বাস।
এরপর সম্মাননা দেওয়া হয় পাঁচ নাট্যব্যক্তিত্বকে। এ পর্বে সভাপতিত্ব করেন অসিত দাশ। স্বাগত বক্তব্য দেন মোসলেম উদ্দিন সিকদার। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসাবে ছিলেন নাট্যব্যক্তিত্ব কেরামত মওলা। সম্মাননাপ্রাপ্তরা হলেন গণায়ন নাট্য সম্প্রদায়ের ম. সাইফুল আলম চৌধুরী, তির্যক নাট্যদলের আহমেদ ইকবাল হায়দার, অরিন্দম নাট্য সম্প্রদায়ের আকবর রেজা, নান্দীমুখের অভিজিৎ সেনগুপ্ত ও প্রতিভাস নাট্যদলের কঙ্কন দাশ।