উত্তরায় খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই
রাজধানীর উত্তরায় মনোয়ারা সুলতানা (৬৪) খুনের ঘটনায় মামলা করেছেন নিহত ব্যক্তির মেজ ছেলে খালেদ-বিন-ইউসুফ। তবে এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় উত্তরা ৯ নম্বর সেক্টরে নিজ বাড়িতে খুন হন মনোয়ারা সুলতানা। তাঁকে জবাই করে হত্যা করা হয়। নিহত মনোয়ারার স্বজনদের আশঙ্কা, ধনসম্পদ লুট করার জন্য পরিচিত ব্যক্তিদের মধ্যেই কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে মামলার এজাহারে নিহত ব্যক্তির ছেলে খালেদ-বিন-ইউসুফ কোনো কিছু লুট হওয়ার তথ্য দিতে পারেননি। গত রোববার রাত ১১টার পর খালেদ মামলা করেন।
গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মনোয়ারা সুলতানা খুনের ঘটনায় একটি মামলা হয়েছে। তবে বাসা থেকে কোনো কিছু খোয়া যাওয়ার তথ্য তাঁরা পাননি। ওই ভবনেরই এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত অগ্রগতি নেই।
স্বামীর মৃত্যুর পর সাত-আট বছর ধরে মনোয়ারা সুলতানা ওই বাড়িতে একাই থাকতেন। তাঁর তিন ছেলের দুজন প্রবাসী ও একজন সেনা কর্মকর্তা।
উত্তরা পশ্চিম থানা খুনের ঘটনা তদন্ত করলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র্যাব হত্যারহস্য বের করার চেষ্টা করছে।