উত্তরায় চালককে কুপিয়ে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আজ সোমবার সকালে মফিজুর রহমান (৩২) নামের এক গাড়িচালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মফিজুর উত্তরায় তালুকদার গ্রুপের গাড়িচালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে তালুকদারের গ্রুপের স্টোর ইনচার্জ প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল পৌনে সাতটার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির সামনে একটি প্রাইভেটকার ধোয়ামোছা করছিলেন মফিজুর। এটি তালুকদার গ্রুপের পরিচালকের বাসা। এ সময় আরেকটি প্রাইভেটকারে করে তিন-চারজন ব্যক্তি সেখানে যান। তাঁরা মফিজুরের কাছ থেকে গাড়িটির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে চাবি ছিনিয়ে নেন। এরপর তাঁরা প্রাইভেটকারটি চালিয়ে নিয়ে পালিয়ে যান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।