উত্তরায় পানির জন্য হাহাকার

‘তিন দিন গোসল নাই। খাওয়ার পানি কিনে খাই। এভাবে কত দিন চলা যায়?’ চরম ক্ষোভ ঝরল উত্তরা ১৩ নম্বর সেক্টরের গৃহিণী রেহানা আক্তারের কণ্ঠে।
পানির কষ্টে থাকা অনেকেই বললেন, পানির জন্য কতটা কষ্ট করা যায়, জানতে হলে এখানে এসে থাকেন। পবিত্র রমজানের আগ থেকে চলছে এই অবস্থা।
ঢাকা ওয়াসার সূত্র জানায়, এলাকায় কমপক্ষে দুটি গভীর নলকূপ দরকার। আছে একটি। সেটিও পর্যাপ্ত পানি তুলতে অক্ষম। যখন-তখন নষ্ট হয়ে যায়।
একই সমস্যা উত্তরার অন্য কয়েকটি সেক্টরেও। সবচেয়ে বেশি সমস্যা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১১, ১২, ১৬, ১৭, ১৮ ও ১৯ নম্বর সড়কে। কয়েক শ বাসিন্দা প্রতিদিন বোতলজাত পানি ও ওয়াসার গাড়ি থেকে পানি কিনে কিছুটা চাহিদা মেটাচ্ছেন। এক গাড়ি পানির দাম ৫০০ টাকা। তবে গুনতে হয় ৬০০-৭০০ টাকা। কখনো আরও বেশি।
১৬ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির দারোয়ান আবদুল করিম বলেন, সাততলা বাড়িতে ১০টি পরিবার থাকে। প্রতিদিনই ওয়াসার গাড়ি থেকে পানি কিনতে হয়।
পাশের ২৪ নম্বর বাড়ির মালিক দিলরুবা রুবি বলেন, অনেক সময় টাকা দিয়েও পানি পাওয়া যায় না। ওয়াসায় ‘সিরিয়াল’ দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
কারণ জানতে উত্তরা ওয়াসা কার্যালয়ে খোঁজ করলে মো. ফারুক নামের এক কর্মী প্রথম আলোকে বলেন, উত্তরায় ওয়াসার পানিবাহী গাড়ি আছে দুটি। একটি নষ্ট। তাই এই লম্বা সিরিয়াল।
১৯ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক সফর আলী বলেন, ওয়াসা বলেছে, পাইপ মোটা করলে এবং আরও নিচে বসালে পানির চাপ বাড়বে। এলাকাবাসী চাঁদা তুলে এখন তাই করছে।
ওয়াসার ওই অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কাজেম আলী স্বীকার করলেন, গ্রাহকেরা নিজেদের খরচে রাস্তা কেটে পাইপ নিচে নামিয়ে পানির ব্যবস্থা করার চেষ্টা করছে। তিনি জানান, ৭ নম্বর সড়কে নতুন নলকূপ বসানো হয়েছে। তার পানি পেতে ৮০০ মিটার রাস্তা কাটতে হবে। এ জন্য সিটি করপোরেশনের অনুমতি লাগবে। তাই কবে নাগাদ এই নলকূপ কাজে আসবে, তা বলতে পারছেন না তিনি।
তবে এলাকাবাসীর অভিযোগ, করপোরেশনের অনুমতি পেতে তৎপর নয় ওয়াসা। তারা গাড়িতে পানি বেচার ব্যবসা করছে। সবাইকে পাইপ বদলানোয় বাধ্য করছে। লোকজন পকেটের টাকায় ওয়াসার নির্ধারিত ঠিকাদারকে দিয়ে এই কাজ করাচ্ছে।