উত্তরায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে উচ্ছেদ অভিযান বন্ধ
উত্তরায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে হরিরামপুর ইউনিয়নের কামারপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় রয়েছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এই সমন্বিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ ঘরবাড়ি ও বাণিজ্যিক স্থাপনা। এসব অবৈধ দখল উচ্ছেদের অভিযান শুরু হয়েছিল। তবে চলমান সেই উচ্ছেদ কার্যক্রম আপাতত বন্ধ আছে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার উল্লিখিত এলাকায় তৃতীয় দফা উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হলেও পরে তা বন্ধ করা হয়। খোঁজ নিলে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্বার্থে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। তবে পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
গত ২৯ ও ৩০ ডিসেম্বর উল্লিখিত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে দুই দিনই এতে সহযোগিতা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় ২০০ জন পুলিশ সদস্য। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বাঁধের পূর্ব পাশ থেকে ৫০০ এবং দ্বিতীয় দিনে পূর্ব ও পশ্চিম পাশ মিলে আরও প্রায় এক হাজারের বেশি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার ওই এলাকায় গেলে চোখে পড়ে, অনেকেই নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিচ্ছেন। আবার কোথাও কোথাও গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যেই বসেছে অস্থায়ী চায়ের দোকান। কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাঁধের পূর্ব পাশের ফাঁকা জায়গায় জমজমাট বাঁশের আড়ত। কয়েকটি মোটর মেকানিকের দোকানে গাড়ি সারাইয়ের কাজ চলছে। উচ্ছেদের আওতায় থাকা বাকি অংশে আছে চায়ের দোকান, খাবারের হোটেল, পুরোনো মালামাল ক্রয়-বিক্রয়ের দোকান, বাঁশ-কাঠের আড়ত, মোটর গ্যারেজ, সেলুনসহ বসতবাড়ি।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক রন্তি দেব গোস্বামী বলেন, ‘আমরা তো দ্রুতই জায়গাটি দখলমুক্ত করতে চাই।’