উত্তরায় বিতর্ক উৎসব ১ ও ২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গতকাল ফার্মফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উত্সব উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নেওয়া শিক্ষক ও মডারেটররা  ছবি: প্রথম আলো
রাজধানীর উত্তরায় গতকাল ফার্মফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উত্সব উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নেওয়া শিক্ষক ও মডারেটররা ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরা অঞ্চলের বিভিন্ন স্কুল নিয়ে শুরু হতে যাচ্ছে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব, ২০১৩। এ উপলক্ষে এ অঞ্চলের ১৭টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও মডারেটর নিয়ে গতকাল সোমবার উত্তরার ‘ফায়ার অন আইচ রেস্টুরেন্টে’ দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিতর্ক উৎসব হবে আগামী ১ ও ২ অক্টোবর।মতবিনিময় সভার শুরুতেই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা থাকা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়াকে আরও সুসংগঠিত করতে আমাদের তরুণ ও ছাত্রসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ কারণেই আমরা তাদের জন্য নানা রকম প্রতিযোগিতার আয়োজন করি। তারই ধারাবাহিকতায় এ বিতর্ক উৎসব।’সভায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিনুর মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের অবক্ষয় ঠেকাতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধার চাষ করার জন্য বিতর্ক উৎসব অনেক অবদান রাখছে।’ওয়াইড ভিশন স্কুলের সহকারী অধ্যক্ষ সালমা ফৌজিয়া বলেন, ‘আমি, আমার স্বামী, আমার সন্তান আর প্রথম আলো এই নিয়ে আমার পরিবার। প্রথম আলোর সব ধরনের আয়োজনে আমাদের সম্পৃক্ততা থাকবে।’ মতবিনিময় সভায় প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, কণ্ঠশিল্পী এস আই টুটুল বক্তব্য দেন।অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিদ্যালয়ের মডারেটরদের নিয়ে বিতর্কের নানা বিষয়ে আলোচনা হয়। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।মতবিনিময় সভায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো জান-ই আলম সরকারি উচ্চবিদ্যালয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তানযীমুল উম্মাহ স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ওয়াইড ভিশন স্কুল, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এমারত হোসেন আদর্শ উচ্চবিদ্যালয়, সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ফিউচার ফাউন্ডেশন স্কুল, মাইলস্টোন কলেজ, উত্তরা মডেল স্কুল, সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও কলেজ।