উত্তরায় মাদক ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদককে না বলুন, হটাও জঙ্গিবাদ বাঁচাও দেশ’ শিরোনামে ক্যামব্রিয়ান স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা। গতকাল রোববার দুপুরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সভাপতি এম কে বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাফিউল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবী হজরত মুহাম্মদ (সা.) প্রথম যখন ইসলামধর্মের প্রচার শুরু করেন, সে সময় আরবে বিধর্মীরা। তাদের অনেকে নবীকে নানাভাবে নির্যাতনও করেছে। তা সত্ত্বেও নবীজি তো বিধর্মীদের হত্যা করেননি, কাউকে হত্যা করার কথাও বলেননি। বরং নবী ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি আরও বলেন, ‘আমাদের স্বাধীনতা লাখো শহীদের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল। এ দেশকে ভালোবেসে আমরা স্বাধীন করেছি জঙ্গিরাষ্ট্রে পরিণত করার জন্য নয়। তোমরা (শিক্ষার্থীরা) এমন ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছ দেশ স্বাধীন হয়েছে বলে। এই কথাটি তোমাদের মনের ভেতর থাকতে হবে। জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।’ তিনি শিক্ষার্থীদের সব রকমের মাদকদ্রব্য থেকে দূরে থাকারও আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত অন্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা হলো এ দেশের তথা জাতির ভবিষ্যৎ। তাই তাদের সব সময় সচেতন থাকতে হবে। মাদকদ্রব্য পরিহার করতে হবে। এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। বক্তারা আরও বলেন, ‘তোমাদের চোখের সামনে যখনই অস্বাভাবিক কিছু দেখবে, তখনই পুলিশকে জানাবে।’

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া, কিংস কলেজের অধ্যক্ষ আবু খায়েরসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।