উত্তরায় রাস্তার ওপর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় ১১, ১২ ও ১৩ নম্বর সেক্টরের রাস্তার ওপর বসেছে পশুর হাট। বিশেষ করে জনপথ রোডের অলিগলিতে এখন বিভিন্ন আকারের হাজার হাজার গরু-ছাগলে ভরা। গরু ও ছাগলের বর্জ্যে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। হাটের কারণে রাস্তাও সংকীর্ণ হয়ে পড়েছে। সৃষ্টি হচ্ছে স্থায়ী যানজট।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার পর ওই পশুর হাটে গিয়ে দেখা গেল, রাস্তা খুঁড়ে দুই থেকে চার সারি বাঁশ পোঁতা হয়েছে। গবাদিপশুগুলো তার সঙ্গে বেঁধে রাখা। গতকাল থেকে থেকে বৃষ্টিতে গোবর আর গোখাদ্যে রাস্তাটি সয়লাব হয়ে আছে। পায়ে চলাই কঠিন।

>গরু ও ছাগলের বর্জ্যে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। হাটের কারণে রাস্তাও সংকীর্ণ হয়ে পড়েছে। সৃষ্টি হচ্ছে স্থায়ী যানজট

জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজউকের খালি জায়গায় ইজারা দেওয়া হয়েছে। কেউ রাস্তার ওপর হাট বসালে তা স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া আছে।
উত্তরার ১১ ও ১৩ নম্বর সেক্টরের জনপথ সড়কসংলগ্ন খালি জায়গায় হাট বসার কথা। অথচ হাটের ব্যাপ্তি এই সড়ক থেকে ১২ নম্বর সেক্টরের সেতু এবং ৭ নম্বর সেক্টর থেকে আগোরা সুপার শপের সংযোগ সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পুরো এলাকাটি মনে হচ্ছে পশুর হাট। অথচ হাইকোর্টের নির্দেশ মেনে সিটি করপোরেশন রাস্তায় হাট বসানো ও রাস্তা খোঁড়ায় নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু তা মানছে না কেউই।
জানতে চাইলে ওই হাটের ইজারাদার যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের নিয়ম মেনে ১১ ও ১৩ নম্বর সেক্টরে হাট বসানো হয়েছে। তবে এ বছর আজমপুরে কোনো হাট না বসায়, এটা অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে।
জনপথ সড়ক এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, ১১ ও ১৩ নম্বর সেক্টরের জনপথ সড়কসংলগ্ন খালি জায়গা ইজারা নিলেও স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতারা ইজারার বাইরের এলাকাতেও হাট বসিয়েছেন। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, ‘গত বছর এই রাস্তা বন্ধ ছিল। এ বছর রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে। সিটি করপোরেশন খালি জায়গায় হাটের ইজারা দিয়েছে। অথচ খালি জায়গা তেমন নেই। বাস্তবতা আমাদের সবার বুঝতে হবে।’
এদিকে গরু ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তাঁদের গরুর ট্রাকগুলোকে উত্তরা প্রধান সড়ক পার হতে দেওয়া হচ্ছে না। ইজারাদারের অনুসারীরা ট্রাক ঘুরিয়ে উত্তরার হাটে গরু নামাতে বাধ্য করছে। ফলে উত্তরার পশুর হাটে এখন হাজার হাজার গরু। হাটটি কোথা থেকে শুরু, কোথায় শেষ কিছুই বোঝা যাচ্ছে না। অন্য হাটগুলোতে গরু ও বিক্রেতাদের জন্য পলিথিনের ছাউনির ব্যবস্থা থাকলেও এই হাটে তা নেই।
এ বিষয়ে ইজারাদার এস এম জাহিদ বলেন, ‘ব্যবসায়ীরা স্বেচ্ছায় এখানে এসেছেন। কাউকে বাধ্য করা হয়নি। আর আমার লোক জোর করে নিয়ে আসবে কীভাবে, রাস্তায় কি পুলিশ নেই?’