উত্তরায় শেষ হলো আন্তক্লাব স্কেটিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ রঙের স্কেটিং ট্র্যাক। তার দুই পাশে দর্শক গ্যালারি। ট্র্যাকের ওপর গতি ও ভারসাম্যের দৌড় দিতে প্রস্তুত প্রতিযোগীরা। মুহূর্তেই বাঁশি বেজে উঠল। শুরু হলো প্রতিযোগিতা। গ্যালারিতে বসে থাকা দর্শক-অভিভাবকদের হাততালি আর উত্তেজনায় সমানে ছুটছেন স্কেটাররা।
উত্তরা ৯ নম্বর সেক্টরের রয়েল স্কেটিং ক্লাব প্রাঙ্গণে গতকাল শনিবার হয়ে যাওয়া আন্তক্লাব রোলার স্কেটিং প্রতিযোগিতা ২০১৬-এর পরিবেশ ছিল এমনই। চতুর্থবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এতে অংশগ্রহণ করে ১৭টি ক্লাবের ১৩৪ জন প্রতিযোগী। বিকেল চারটায় শুরু হয়ে ১৫টি ধাপে প্রতিযোগিতা চলে রাত আটটা পর্যন্ত।
বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান বলেন, ‘বাংলাদেশের স্কেটারদের নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। স্কেটিং খেলাকে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। স্কেটিংয়ের উপযোগী মাঠ বা জায়গা পেলে আমাদের দেশেও বিশ্বমানের স্কেটার গড়ে উঠবে।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন রয়েল স্কেটিং ক্লাবের সভাপতি মোহাম্মদ নাদিম।
খেলায় অংশ নেয় ৪ থেকে ২৪ বছর বয়সী ছেলে ও মেয়ে। ১৫টি ভাগে চলে মূল প্রতিযোগিতা। প্রতিযোগীদের বয়স অনুযায়ী এসব বিভাগ নির্ধারণ করা হয়। প্রত্যেক ভাগে ছেলে ও মেয়েদের জন্য ছিল আলাদা আলাদা খেলার সুযোগ।
অভিভাবক ও দর্শকদের একজন বনানী ইসলাম বলেন, ‘আমার দুই ছেলে স্কেটিং করে। স্কেটিং করলে শরীর ও মন দুই-ই ফুরফুরে থাকে। ছেলেরা স্কেটিংয়ের ক্ষেত্রে গতি ও ভারসাম্য রক্ষার ব্যাপারটাকে খুবই উপভোগ করে।
বয়স ভেদে বিভাগ অনুযায়ী প্রতিযোগীরা ১০০, ২০০, ৩০০, ৫০০, ৫,০০০ ও ১০,০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগের তিন বিজয়ীকে যথাক্রমে সোনা, রুপা ও ব্রঞ্জের পদক দেওয়া হয়। প্রতিযোগিতায় মোট ৪৫ জন প্রতিযোগী বিজয়ী পদক পান।
আয়োজকদের একজন ও জাতীয় স্কেটিং প্রশিক্ষক আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘স্কেটিং খেলাকে অধিক জনপ্রিয় করতে হলে পর্যাপ্ত স্কেটিং ট্র্যাক ও সচেতনতা প্রয়োজন। মূলত বাংলাদেশের সব স্কেটিং ক্লাবের পরিবেশনা ও পরিবেশকে উজ্জীবিত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন।’