উত্তরায় হাসপাতাল থেকে যন্ত্রপাতি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি হাসপাতালে চুরি হয়েছে। গত বুধবার রাতে চোরের দল আমেরিকান সুপার স্পেশালিটি হসপিটাল লিমিটেডে ঢুকে চিকিত্সা যন্ত্রপাতি ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাতের যেকোনো সময় চোরের দল হাসপাতালে ঢোকে। তারা দরজা ভেঙে ফিজিওথেরাপি কনসালট্যান্ট দলিলুর রহমানের কক্ষ থেকে মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যায়। পরে আলট্রাসনোগ্রাফি কক্ষে ঢুকে একটি কম্পিউটারের মনিটর নেয়। এরপর রেডিওলজি বিভাগের দরজা ভাঙচুর করলেও ঢুকতে পারেনি।

দলিলুর রহমান জাতীয় ফুটবল দলেরও ফিজিওথেরাপি কনসালট্যান্ট। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, বুধবার রাত সাড়ে আটটায় রোগী দেখে তিনি ফিজিওথেরাপি বিভাগ বন্ধ করে বাসায় যান। গতকাল সকালে হাসপাতাল থেকে তাঁর চেম্বারের যন্ত্রপাতি চুরির খবর জানানো হয়। এরপর তিনি এসে দেখেন, তাঁর চেম্বারের ফিজিথেরাপি চিকিত্সায় ব্যবহূত সব যন্ত্রপাতি চুরি হয়ে গেছে।

উত্তরা পূর্ব থানার এসআই জাকির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চুরির সঙ্গে হাসপাতালের চাকরিচ্যুত কিছু কর্মী জড়িত।