রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরায় অভিযান চালিয়ে তিন কাঠা জায়গা উদ্ধার করেছে। রাজউকের ভ্রাম্যমাণ আদালত ওই জায়গার দখলদারকে গ্রেপ্তার করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ৫৫ নম্বর প্লটে অভিযান চালায় রাজউক। প্লটটি রাজউকের মালিকানাধীন। সেখানে রাজউকের অনুমোদন ছাড়া ১৫টি টিনশেড ঘর ও একটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন ঈমান আলী নামের এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালত ভাড়াটেদের মালামাল সরানোর সময় দেন। একপর্যায়ে ঘরগুলোর মালিক ঈমান আলী রাজউকের তত্ত্বাবধায়ক মো. সাইদুলের ওপর চড়াও হয়ে মারধর করতে থাকেন। এ সময় পুলিশের সহায়তায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা তাঁকে গ্রেপ্তার করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রোকন-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় ঈমান আলীকে গ্রেপ্তার ও সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভাড়াটেরা শুরুতে ঈমান আলীর পক্ষ নিলেও পরে দ্রুত মালপত্র সরিয়ে নেন। এর পর রাজউকের নিয়োজিত শ্রমিকেরা শাবলসহ হস্তচালিত হাতিয়ারের সাহায্যে ঘরগুলো উচ্ছেদ করেন।
অভিযানে রাজউকের অথরাইজড কর্মকর্তা-২ মো. পারভেজ খাদেম ও নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান উপস্থিত ছিলেন।