উত্তরার ঈদমেলায় দেশি পণ্যের সমাহার
পবিত্র রমজানের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে মাসব্যাপী তাঁতবস্ত্র মেলা। উত্তরার ১৩ নম্বর সেক্টরের সড়ক ও জনপথ সড়কের পশুর হাটের খালি জায়গায় এবং ১১ নম্বর সেক্টরের স্লুইসগেট-সংলগ্ন রাজউক ও বিএনএসের খালি মাঠেও আয়োজন করা হয়েছে এমনই তাঁতবস্ত্র মেলা। ঈদ ঘনিয়ে আসতেই ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে এসব মেলা।
সরেজমিন দেখা যায়, পয়লা রমজান থেকে শুরু হওয়া এ মেলাগুলোয় দেশীয় নকশার কাপড় ও শাড়ির সংগ্রহই বেশি। রাজধানীর অন্যান্য বিপণিবিতানের তুলনায় অপেক্ষাকৃত কম মূল্যেই বিকোচ্ছে এসব পণ্য। এবারের দুটি মেলায় জামদানি, বেনারসি শাড়ি, টাঙ্গাইল ও পাবনার শাড়ি, সুতি ও জর্জেট শাড়ি, রাজশাহী সিল্ক, কাতান, প্রিন্ট শাড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি, বাচ্চাদের কাপড়, গয়না, জুতো প্রভৃতির দোকান রয়েছে। মেলায় পোশাকের পাশাপাশি গয়না ও কসমেটিকসের দোকানও রয়েছে।
১৩ নম্বর সেক্টরের মেলায় মোট ৫২টি এবং ১১ নম্বর সেক্টরের মেলায় মোট ৩৬টি দোকান আছে। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া দুটি মেলা চলবে চাঁদরাত পর্যন্ত। মেলার ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বিপণিবিতানের তুলনায় সেখানে তারা সুলভমূল্যে পণ্য বিক্রি করছেন। পাঁচ বছর ধরেই ১৩ নম্বর সেক্টরের মেলায় নিজস্ব ফ্যাক্টরি থেকে নিয়মিত দোকান নিয়ে আসা উষা জামদানির নির্বাহী পরিচালক মো. আয়নাল হোসেন প্রথম আলোকে বলেন, জামদানি শাড়ি ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা, হাফ সিল্ক ও ফুল সিল্ক জামদানি ২ হাজার থেকে ১০ হাজার টাকা, টাঙ্গাইল ও পাবনার তাঁতের শাড়ি ৩৫০ থেকে ১৫০০ টাকা, সুতি জামদানি ১২০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া ছেলেদের পাঞ্জাবি ২৫০ থেকে ১২৫০ টাকায়, ফতুয়া ১৫০ থেকে ৭৫০ টাকায়, শার্ট মান অনুসারে ২৮০ থেকে ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে।
মেলায় কেনাকাটা করতে আসা রেহানা আক্তার বলেন, ‘আমি প্রতিবছরই এ মেলায় পরিবার-পরিজনের জন্য কাপড় কিনতে আসি। মেলায় রুচিশীল বস্ত্র পাওয়া যায় এবং দামগুলোও সামর্থ্যের মধ্যে থাকে।’
নারায়ণগঞ্জের খিদিরপুরের নিজস্ব কারখানা থেকে মেলায় দোকান নিয়ে আসা নৌসিন জামদানির স্বত্বাধিকারী আমজাদ ভূঁইয়া বলেন, গত বছরের তুলনায় মেলায় এবার বিক্রি কম, তবে খারাপ না। মেলায় বিদেশি পোশাকের সংগ্রহের তুলনায় দেশি পোশাকের সমাহার বেশি।
অন্যদিকে স্লুইসগেট-সংলগ্ন ১১ নম্বর সেক্টরে আয়োজিত তাঁতবস্ত্র মেলায় পোশাকের পাশাপাশি মেলার পূর্ণাঙ্গ আমেজ নিয়ে আসার জন্য তৈরি করা হয়েছে বাচ্চাদের ছোট শিশুপার্ক। মেলার ওই পার্কে আছে ট্রেন, নাগরদোলা, চেয়ার দোলনা প্রভৃতি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কেনাকাটার পাশাপাশি জমে উঠছে পার্ক। বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে আসা অভিভাবকেরাও পাচ্ছেন অন্য রকম বিনোদন।