উত্তরার জসীমউদ্দীনে কেএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকেন ফ্রাইয়ের জন্য বিখ্যাত আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ কেএফসি রাজধানীর উত্তরার জসীমউদ্দীনে নতুন শাখা খুলেছে। গতকাল শুক্রবার সকালে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের আহমেদ প্লাজার নিচতলায় কেএফসির এই নতুন শাখার উদ্বোধন করা হয়।
ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকর্তা মিগুয়েল এডুয়ার্ডো, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সেলর ডেভিড তুলোক, শিল্পী শারমিন লাকী ও তপু এবং মাহিরা সিরাত উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে আক্কু চৌধুরী বলেন, ‘বাংলাদেশে সর্বোচ্চ মানের ফাস্টফুড নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই কেএফসি সেই শুরু থেকেই তার ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত মানের খাবার সরবরাহ করে আসছে। কেএফসি সবার কাছে সহজলভ্য করার জন্য আরও একটি শাখা চালু করছি। আশা করি, এখানেও আমাদের রন্ধনপ্রণালি, উন্নত মানের ডাইনিংয়ের অভিজ্ঞতা এবং সেরা মানের সেবা ভোজনরসিকেরা উপভোগ করবেন।’ মিগুয়েল এডুয়ার্ডো বলেন, কেএফসি রাস্তার পাশের একটি ছোট চিকেন রেস্টুরেন্ট থেকে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার উৎকৃষ্ট উদাহরণ। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি সম্প্রীতির বন্ধন, যা উভয় দেশের জনগণের জন্য কাজের সুযোগ সৃষ্টি করছে।
জসীমউদ্দীন রোডের এ শাখায় ফ্রায়েড চিকেনের সঙ্গে কেএফসির সব আইটেম পাওয়া যাবে। দেশে কেএফসির ২০টি শাখা আছে। আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসি ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার গুলশান-১-এ তাদের প্রথম শাখা খোলে।